ডানকুনি স্টেশনে ৩৮ কেজি গাঁজা-সহ গ্রেফতার তিন মহিলা, আনুমানিক বাজারমূল্য ৭৬ লক্ষ টাকা
হাওড়া, ২ নভেম্বর (হি.স.) : রেল পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডানকুনি স্টেশনে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা-সহ তিন মহিলাকে গ্রেফতার করল বেলুড় জিআরপি। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৬ লক্ষ টাকা। সোমবার একথ
গাঁজা উদ্ধার


হাওড়া, ২ নভেম্বর (হি.স.) : রেল পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডানকুনি স্টেশনে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা-সহ তিন মহিলাকে গ্রেফতার করল বেলুড় জিআরপি। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৬ লক্ষ টাকা। সোমবার একথা জানানো হয় রেল সূত্রে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ নভেম্বর বেলুড় জিআরপির কাছে খবর আসে, ১২২০৪/১২৩৮৩ নম্বর এসএমবিটি বেঙ্গালুরু-হামসফর এক্সপ্রেসে কয়েকজন ব্যক্তি মাদক পাচার করছে। এরপর বেলুড় জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক সুশান্ত শীলের নেতৃত্বে এক আধিকারিক ও দুই মহিলা কনস্টেবল সাদা পোশাকে ডানকুনি স্টেশনের ওভারব্রিজের নিচে তল্লাশি শুরু করেন।

সেই সময় তিন মহিলাকে পিঠব্যাগ ও হাতব্যাগ নিয়ে আসতে দেখে পুলিশের সন্দেহ হয়। তল্লাশি শুরু হতেই তাঁরা ব্যাগ ফেলে সরে যাওয়ার চেষ্টা করেন। এরপর তাঁদের আটক করে ব্যাগে তল্লাশি চালিয়ে ৩২টি প্যাকেটে মোড়ানো মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, নিউ জলপাইগুড়ি থেকে গাঁজা নিয়ে ডানকুনি ও পার্শ্ববর্তী এলাকায় বিক্রির উদ্দেশ্যে এসেছিল তারা। এই চক্রে আরও কয়েকজন জড়িত বলে পুলিশের অনুমান। তাদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানাবে বেলুড় জিআরপি। মাদক কারবারের নেটওয়ার্ক এবং ক্রেতাদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande