দুর্নীতি ও বকেয়া পাওনার অভিযোগে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ঘেরাও করে বিজেপির বিক্ষোভ
বারাসত, ২ নভেম্বর (হি.স.): সরকারি কোষাগার তছরুপ, টেন্ডার দুর্নীতি, ঠিকাদারদের বকেয়া পাওনা মেটানো, নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণ-সহ একাধিক অভিযোগ তুলে সোমবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। জে
বিজেপি বিক্ষোভ


বারাসত, ২ নভেম্বর (হি.স.): সরকারি কোষাগার তছরুপ, টেন্ডার দুর্নীতি, ঠিকাদারদের বকেয়া পাওনা মেটানো, নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণ-সহ একাধিক অভিযোগ তুলে সোমবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। জেলা পরিষদের প্রশাসনিক কাজকর্ম এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রতীকী প্রতিবাদ জানান তাঁরা।

বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর আমলে জেলা পরিষদের নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে পড়েছে। সরকারি তালিকাভুক্ত ঠিকাদারদের ওয়ার্ক অর্ডার অনুযায়ী প্রাপ্য বকেয়া অর্থ মেটানো হচ্ছে না বলেও অভিযোগ তোলেন তাঁরা। পাশাপাশি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, নিয়োগে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগেরও তদন্ত দাবি করেন বিক্ষোভকারীরা।

তবে এই বিক্ষোভ কর্মসূচির বিষয়টি অস্বীকার করেছেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজা শাহানি। তাঁর বক্তব্য, বিজেপির রাজ্য কমিটির ডাকে কলকাতায় একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বারাসত রেলস্টেশন সংলগ্ন এলাকায় কর্মী-সমর্থকদের জমায়েত হতে বলা হয়েছিল। সেই কারণেই তাঁরা সেখানে উপস্থিত হয়েছিলেন।

জেলা পরিষদকে ঘিরে ওঠা অভিযোগ এবং বিজেপি নেতৃত্বের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগগুলির বিষয়ে জেলা পরিষদ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande