
হুগলি, ২ নভেম্বর (হি.স.) মানবিকতার নজির গড়লেন জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ। সোমবার দুপুরে পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিজের গাড়িতে হাসপাতালে পৌঁছে দিলেন তিনি।
ঘটনাটি ঘটে সোমবার দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ জাঙ্গিপাড়া এলাকার দিলাকাশ মা ভৈরবী কোল্ড স্টোরের সামনে। জানা গিয়েছে, জাঙ্গিপাড়া বিধানসভা কার্যালয় থেকে নিজের গাড়িতে করে পুরশুড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিধায়ক প্রসেনজিৎ বাগ। সেই সময় রাস্তার উপর এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পাশেই উল্টে পড়েছিল একটি ইঞ্জিনভ্যান।
পরিস্থিতির গুরুত্ব বুঝে এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে পড়েন বিধায়ক। এরপর নিজের সহযোগীদের নিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিজের গাড়িতেই উদয়নারায়ণপুর হাসপাতালে পৌঁছে দেন তিনি।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তবে এখনও পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
বিধায়কের এই দ্রুত পদক্ষেপ ও মানবিক উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর এই ঘটনা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা