মুজফ্ফপুরে পিএনজি গ্যাস পাইপলাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, আহত ১০-এর বেশি
মুজফ্ফপুর, ২ নভেম্বর (হি.স.) : বিহারের মুজফ্ফপুর শহরের সদর থানা এলাকার গোবরশাহী-ডুমরি এলাকায় সোমবার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এলাকায় নিকাশি নালা নির্মাণের সময় জেসিবি দিয়ে মাটি কাটার সময়ে মাটির তলায় থাকা পিএনজি গ্যাস পাইপলাইন মারাত্মকভাবে ক্ষতিগ্
মুজফ্ফপুরে পিএনজি গ্যাস পাইপলাইন বিস্ফোরণ


মুজফ্ফপুর, ২ নভেম্বর (হি.স.) :

বিহারের মুজফ্ফপুর শহরের সদর থানা এলাকার গোবরশাহী-ডুমরি এলাকায় সোমবার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এলাকায় নিকাশি নালা নির্মাণের সময় জেসিবি দিয়ে মাটি কাটার সময়ে মাটির তলায় থাকা পিএনজি গ্যাস পাইপলাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে পাইপলাইন থেকে গ্যাস লিক করে হঠাৎই এক বিকট বিস্ফোরণ ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে এবং ১০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে নালার কাজ চলছিল। সোমবারেও জেসিবি দিয়ে মাটি খননের কাজ চলার সময় আচমকাই মাটির নিচের গ্যাস পাইপলাইন ফেটে যায়। গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আকস্মিকতায় একজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আশেপাশে থাকা বহু মানুষ গুরুতর জখম হন।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার জেরে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ও দেওয়ালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় থানা পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পূর্বের এসডিএম আনন্দ উৎসব, টাউন-২-এর সিডিপিও দীপক কুমার এবং জেলা দমকল আধিকারিক প্রজ্ঞা শরণ সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকেরা। প্রাথমিক তথ্যানুযায়ী, একটি মৃতদেহ ও এক আহত ব্যক্তিকে মুজফ্ফপুরের শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশাসনের তদারকিতে বর্তমানে উদ্ধারকাজ চলছে।

এই আকস্মিক দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী তথা মুজফ্ফপুরের সাংসদ ড. রাজভূষণ চৌধুরী নিশাদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট গ্যাস সংস্থাকে অবিলম্বে ত্রাণ ও উদ্ধারকার্য জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, আহতদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে যেন কোনো রকম অবহেলা না হয়। পাশাপাশি, পুরো ঘটনার একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন তিনি। সাংসদ বলেন, তদন্তে যদি সুরক্ষার মানদণ্ডে কোনো ধরনের গাফিলতি বা প্রশাসনিক অবহেলা প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও সুচিকিৎসাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande