আগরতলায় বেনুবন বুদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব
আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষ্যে রবিবার উৎসবমুখর হয়ে উঠল আগরতলার বেনুবন বুদ্ধ বিহার। ধর্মীয় রীতিনীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিহার প্রাঙ্গণে আয়োজিত হয় ৪৯তম কঠিন চ
কঠিন চীবর দান


আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষ্যে রবিবার উৎসবমুখর হয়ে উঠল আগরতলার বেনুবন বুদ্ধ বিহার। ধর্মীয় রীতিনীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিহার প্রাঙ্গণে আয়োজিত হয় ৪৯তম কঠিন চীবর দান উৎসব। এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী ও পুণ্যার্থীর সমাগম ঘটে। প্রার্থনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং বুদ্ধের বাণী শ্রবণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন উপস্থিত ভক্তরা।

উৎসব উপলক্ষ্যে রবিবার সকালে বেনুবন বুদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। বৌদ্ধ ধর্মের রীতি অনুসারে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভিক্ষু সংঘের উদ্দেশ্যে কঠিন চীবর অর্থাৎ বিশেষভাবে প্রস্তুত ধর্মীয় বস্ত্র দান। সন্ধ্যায় উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে বৌদ্ধ ধর্মগুরুদের পক্ষ থেকে ধর্মীয় নির্দেশনা ও ধর্মোপদেশ প্রদানের কর্মসূচি রাখা হয়।

উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় আচার। বর্ষাব্রত পালন শেষে ভিক্ষু সংঘকে বিশেষ নিয়মে প্রস্তুত চীবর বা বস্ত্র দানের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, আষাঢ়ী পূর্ণিমা থেকে ভিক্ষু সংঘের তিন মাসব্যাপী বর্ষাব্রত শুরু হয়। প্রবারণা পূর্ণিমায় এই বর্ষাব্রতের সমাপ্তি ঘটে। এরপর নির্দিষ্ট এক মাসের মধ্যে ভিক্ষু সংঘকে চীবর দানের বিধান রয়েছে। সেই ধর্মীয় বিধি ও পরম্পরা মেনেই প্রতিবছর এই পবিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিনের উৎসব প্রসঙ্গে বেনুবন বুদ্ধ বিহারের অধ্যক্ষ ডঃ ক্ষেমাসারা বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র দান। এই উৎসবের বিশেষত্ব হল, ভিক্ষু সংঘের জন্য নির্দিষ্ট ধর্মীয় বিধি মেনে বিশেষ বস্ত্র প্রস্তুত করা হয়। পরবর্তীতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই চীবর বৌদ্ধ ধর্মগুরু তথা ভান্তেদের হাতে তুলে দেওয়া হয়। এই দানের মধ্য দিয়ে ভক্তরা তাঁদের ধর্মীয় শ্রদ্ধা, ভক্তি ও আত্মনিবেদন প্রকাশ করেন।

তিনি আরও জানান, কঠিন চীবর দান উপলক্ষ্যে সকালে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যায় উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় নির্দেশনা প্রদানের কর্মসূচি রয়েছে। এই ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, কঠিন চীবর দান শুধু একটি ধর্মীয় প্রথা নয়, বরং এটি মহাপুণ্য অর্জনের অন্যতম মাধ্যম। এই দানের ফলে দাতা ও গ্রহীতা উভয়েরই ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ সাধিত হয় এবং নির্বাণ লাভের পথ সুগম হয়। সেই বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্যকে ধারণ করেই ৪৯তম কঠিন চীবর দান উৎসবে শামিল হন অসংখ্য পুণ্যার্থী। সামগ্রিকভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও সম্প্রীতির আবহে সম্পন্ন হয় বেনুবন বুদ্ধ বিহারের এবারের পবিত্র উৎসব।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande