
কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ভাঙা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্য আলোচনা করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় পিডব্লুডি তাঁবুতে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র। যা ঘটছে তা অত্যন্ত বেদনাদায়ক। এর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গে হচ্ছে। আমি উদ্বিগ্ন। আমি কালই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জানাব। বলব, এখানে প্রতিক্রিয়া হচ্ছে। কারণ অনেকের আত্মীয় এখানে থাকেন। বৈদেশিক নীতির কথা মাথায় রেখে কোনও প্রদেশের মুখ্যমন্ত্রী সরাসরি এই বিষয়ে মন্তব্য করতে পারেন না। কিংবা ব্যবস্থা নিতে পারেন না। তাই আমি কালকেই জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব। বাংলার বহু মানুষের আত্মীয় বাংলাদেশে রয়েছেন। তাঁরা খুবই উদ্বিগ্ন। প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে।
এদিকে, আকভানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের চাষিরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সবজির ক্ষতিতে হেক্টর পিছু ৮ হাজার টাকা দেওয়া হবে। ধানের ক্ষতিতে হেক্টর পিছু ১৭ হাজার টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে এখন কৃষকবন্ধু সরকার।’ ৫ লক্ষ ৭৩ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগামী ২ দিনে কৃষকদের অ্যাকাউন্টে টাকা যাবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ