
ইটানগর, ২২ নভেম্বর (হি.স.): অরুণাচল প্রদেশের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে এবং রাজ্যের সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে রবিবার ইটানগরে আয়োজিত ‘সহকারিতা সমারোহ’-এ অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। অরুণাচল প্রদেশ সমবায় দফতর উদ্যোগে দোরজি খান্ডু কনভেনশন হলে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। এর পাশাপাশি, তিনি অনুষ্ঠানস্থলে আয়োজিত প্রদর্শনী স্টলগুলিও ঘুরে দেখেন। এই স্টলগুলিতে সমগ্র রাজ্যের বিভিন্ন সমবায় সমিতি এবং স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য ও তাঁদের নানাবিধ অভিনব উদ্যোগ তুলে ধরা হয়েছিল। অমিত শাহ স্থানীয় উদ্যোক্তা ও সমবায় সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাজের প্রশংসা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ