
নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): ভারত ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিতে রবিবার নয়াদিল্লিতে এসে পৌঁছালেন নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী টম বেরেন্ডসেন। বিদেশ মন্ত্রকের তরফে সামাজিক মাধ্যম 'এক্স'-এ এক বার্তায় তাঁর দিল্লিতে আগমনের কথা জানানো হয়েছে।
বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই সফরে নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী টম বেরেন্ডসেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে যৌথভাবে প্রথম বা উদ্বোধনী 'বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক'-এ সভাপতিত্ব করবেন।
এই উচ্চপর্যায়ের বৈঠকের মূল লক্ষ্য হলো ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও গভীর ও সুদৃঢ় করা। বাণিজ্য, প্রযুক্তি, জলসম্পদ ব্যবস্থাপনা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ দিক নিয়ে দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ