
নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): গুজরাতের কচ্ছ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয় এবং আহতদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণাও করেছেন তিনি।
রবিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, গুজরাটের কচ্ছে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে এককালীন আর্থিক অনুদান দেওয়া হবে। পাশাপাশি, আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, গুজরাতের কচ্ছ জেলায় ট্রেলারের সঙ্গে যাত্রিবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাত জন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। শনিবার রাতে ভুজ-খাভদা জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ