ডিএ-র ব্যবধান ঘোচাতে সচেষ্ট সরকার, দ্রুত গঠিত হবে অষ্টম বেতন কমিশন : মুখ্যমন্ত্রী
আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতার (ডিএ) ব্যবধান কমিয়ে আনতে সরকার সচেষ্ট। একই সঙ্গে রাজ্যে অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তুতিও চলছে। এ বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে
অবসরপ্রাপ্ত কর্মচারীদের সভা


আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতার (ডিএ) ব্যবধান কমিয়ে আনতে সরকার সচেষ্ট। একই সঙ্গে রাজ্যে অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তুতিও চলছে। এ বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দ্রুত অষ্টম বেতন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। রবিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে অবসরপ্রাপ্ত ও সিনিয়র সিটিজেন সেলের ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে রবিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে অবসরপ্রাপ্ত ও সিনিয়র সিটিজেন সেলের উদ্যোগে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (ডাঃ) মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন কর্মচারী নেতা সন্তোষ সাহা, সমর রায়, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার আন্তরিক। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ-র যে ব্যবধান রয়েছে, তা ক্রমশ কমিয়ে আনার জন্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এই ক্ষেত্রে সরকারের সদিচ্ছার কোনও অভাব নেই। কর্মচারী ও অবসরপ্রাপ্তদের আর্থিক স্বার্থের বিষয়টি সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

ডিএ বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সালের জুলাই মাসে রাজ্যের কর্মচারীদের ৩ শতাংশ থেকে ৫ শতাংশ ডিএ প্রদান করা হয়েছিল। পরবর্তী সময়ে ওই বছরের ডিসেম্বর মাসে আরও ১২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। এর ফলে ডিএ-র পরিমাণ দাঁড়ায় ২০ শতাংশে। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে আরও ৫ শতাংশ বৃদ্ধি করে ডিএ ২৫ শতাংশ করা হয়। একই বছরের নভেম্বর মাসে আরও ৫ শতাংশ বৃদ্ধি করে তা ৩০ শতাংশে উন্নীত করা হয়।

মুখ্যমন্ত্রী আরও জানান, ২০২৫ সালের এপ্রিল মাসে ৩ শতাংশ এবং ওই বছরের অক্টোবর মাসে আরও ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। পরবর্তী সময়ে ২০২৬ সালের এপ্রিল মাসে মহার্ঘ ভাতার পরিমাণ বাড়িয়ে ৪১ শতাংশ করা হয়। এরপর গত অক্টোবর মাসে আরও ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা ৪৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। একইভাবে এই সুবিধা পাচ্ছেন রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরাও।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ২০২২ সালের জুলাই মাস থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত চার বছর তিন মাসের মধ্যে রাজ্য সরকার মোট ৩৬ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। সরকারের সদিচ্ছার কারণেই কর্মচারীদের আর্থিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হয়েছে। আগামী দিনেও কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের ডিএ-র ব্যবধান কমিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

পূর্বতন বামফ্রন্ট সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, সেই সময়ে কর্মচারীদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ইতিবাচক ছিল না। কর্মচারীদের শ্রেণিশত্রু হিসেবে বিবেচনা করা হতো। ডিএ-র দাবিতে রাজ্যের কর্মচারীদের দিল্লির যন্তর মন্তর পর্যন্ত যেতে হয়েছিল। তাঁর অভিযোগ, পূর্বতন সরকার কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরি করে শোষণের রাজনীতি চালিয়ে যেতে চেয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে কর্মচারীদের ন্যায্য সুযোগ-সুবিধা প্রদানে উদ্যোগী হয়েছে।

এদিনের সভায় অষ্টম বেতন কমিশন গঠন নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় স্তরে ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া এগিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারও বিষয়টি নিয়ে যথেষ্ট সজাগ রয়েছে। রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। কর্মচারী ও পেনশনারদের স্বার্থের কথা বিবেচনা করে রাজ্যেও দ্রুত অষ্টম বেতন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছিলেন, অষ্টম বেতন কমিশন গঠনের জন্য রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য নিয়োগের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। কমিশন গঠিত হলে সরকারি কর্মচারীদের বেতন, ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ করার সুযোগ তৈরি হবে।

রাজ্যের কর্মচারী ও পেনশনারদের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে অষ্টম বেতন কমিশনের বিষয়টি জড়িয়ে রয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিশেষ করে ডিএ-র ব্যবধান কমানোর আশ্বাসের পাশাপাশি অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তুতির কথা প্রকাশ্যে আসায় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হতে পারে। তবে কমিশন গঠনের নির্দিষ্ট সময়সীমা বা কার্যকর হওয়ার দিনক্ষণ এদিন ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande