সবুজ ও জৈব সার প্রয়োগের পরামর্শ, অতিমাত্রায় নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সার ব্যবহারে ধান লজিংয়ের দাবি কৃষি বিজ্ঞানীদের
দুর্গাপুর, ২৪ নভেম্বর (হি.স.) : পটাশ সারের সঠিক ব্যবহার না করা এবং তার ওপর অতিমাত্রায় নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে ধান গাছ লজিং অর্থাৎ মাঠেই নুইয়ে পড়ছে। সাম্প্রতিক ‘আকভান’ ঘূর্ণিঝড়ের প্রভাবে মাঠে ধান পড়ে নষ্ট হওয়ার নেপথ্যে এমনটাই দাব
সবুজ ও জৈব সার প্রয়োগের পরামর্শ, অতিমাত্রায় নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সার ব্যবহারে ধান লজিংয়ের দাবি কৃষি বিজ্ঞানীদের


দুর্গাপুর, ২৪ নভেম্বর (হি.স.) :

পটাশ সারের সঠিক ব্যবহার না করা এবং তার ওপর অতিমাত্রায় নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে ধান গাছ লজিং অর্থাৎ মাঠেই নুইয়ে পড়ছে। সাম্প্রতিক ‘আকভান’ ঘূর্ণিঝড়ের প্রভাবে মাঠে ধান পড়ে নষ্ট হওয়ার নেপথ্যে এমনটাই দাবি করছেন কৃষি বিজ্ঞানী ও বিশেষজ্ঞ মহল। তবে এই বিষয়ে কৃষকদের সচেতনতা ও আগ্রহের ওপর সবকিছু নির্ভর করছে বলে মত তাঁদের।

প্রসঙ্গত, ধান উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ স্থানে রয়েছে পূর্ব বর্ধমান। দামোদর উপকূলবর্তী সেচের সুবিধা থাকায় এখানে বছরে দু’বার ধান চাষ হয়; পাশাপাশি শীতকালীন আলু ও সবজি চাষও হয়ে থাকে। চলতি বছর একের পর এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকলেও বর্ষায় চাষে বৃষ্টির জলের অভাব হয়নি। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব পড়েছে পূর্ব বর্ধমান জেলায়; বেড়েছে বৃষ্টির পরিমাণ এবং তার সঙ্গে দমকা হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আকভানের প্রভাবে পূর্ব বর্ধমান জেলাজুড়েই বৃষ্টি হয়েছে এবং রায়না, খণ্ডঘোষ, জামালপুর ও গলসী ব্লকে ঝড়ের প্রভাব ছিল। আর তাতেই চরম বিপদের মুখে পড়েছেন জেলার কৃষকরা।

পূর্ব বর্ধমান জেলা বাংলার শস্যভাণ্ডার হিসেবেই পরিচিত। জেলার গলসী, খণ্ডঘোষ, রায়না, মাধবডিহি ও জামালপুর এলাকায় এই সময় লাভজনক সুগন্ধি গোবিন্দভোগ ধান চাষে কৃষকদের আগ্রহ বেশি থাকে, ফলে সেসব চাষও হয়েছে। পূর্ব বর্ধমান জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় চলতি মরশুমে ৩ লক্ষ ৭৬ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে; তার মধ্যে প্রায় ৬০ হাজার হেক্টর গোবিন্দভোগ ধান এবং বাকি অংশে স্বর্ণ প্রজাতির ধান বেশি চাষ হয়েছে। এই বিপুল পরিমাণ ধান চাষের ওপর কার্যত থাবা বসিয়েছে আকভান, যা পাকা ধানে মই দেওয়ার সামিল। রায়না, জামালপুর, খণ্ডঘোষ, গলসী ও মেমারি ব্লকের বিস্তীর্ণ ধান জমিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বিঘার পর বিঘা জমির সুগন্ধি ধান নুইয়ে পড়ে প্লাবিত হয়েছে। গোবিন্দভোগ-সহ দেশীয় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সুগন্ধি ধান উচ্চতায় অনেকটা লম্বা হয় এবং এই সময় ধানে ফুল আসে। ঝড়ে মাঠেই নুইয়ে পড়েছে ধান; তার ওপর প্রবল বৃষ্টিতে চাষজমি জলমগ্ন হয়ে পড়েছে। জমির জল শুকোতে অনেক সময় লাগায় জমা জলে ফসল নষ্ট হয়েছে। ধান কাটার পরই ওই জমিতে আলু ও সরষে চাষ করা হয়; অনেক জমিতে ধান পাকতে শুরু করায় এই অবস্থায় ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের।

যদিও নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সার বেশি ব্যবহারের ফলেই ধান গাছ লজিং হয় বলে দাবি করেছেন কৃষি বিজ্ঞানীরা। বর্ধমান কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিষয়বস্তু বিশেষজ্ঞ দীপঙ্কর ঘোড়াই বলেন, ধানের ফুল আসার সময় লজিং হলে পরাগ মিলন হয় না এবং জমিতে ধান জলে ডুবে থাকার ফলে ফসল নষ্ট হয়ে যায় ও দানা পুষ্ট হয় না। সেজন্য ধানের গোড়া মজবুত হওয়া জরুরি। তিনি জানান, সঠিক মাত্রায় নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করা হয় না এবং তার ওপর ফসফরাসের ঘাটতি থাকে। চাষের শুরুতে চাপানে পটাশ সার ঠিকমতো ব্যবহার না করার ফলে ধানের গোড়া মজবুত হয় না; দুর্বল হওয়ায় গাছ পড়ে যায়।

রাসায়নিক সার প্রয়োগের প্রামাণ্য মাত্রা সম্পর্কে তিনি জানান, পর্যায়ক্রমে বিঘা প্রতি ৩০ কেজি ইউরিয়া ও ১৫ কেজি পটাশ প্রয়োগ করতে হয়। চাষের শুরুতে চাপানে বিঘা প্রতি কমপক্ষে ৩০ কেজি সুপার ফসফেট দেওয়া দরকার। এরপর ধান রোপণের ১ দিন আগে অথবা ধান লাগানোর ২ থেকে ৩ দিন পর সাড়ে ৭ কেজি ইউরিয়া ও ৮ কেজি পটাশ প্রয়োগ করতে হবে। এরপর ২৫ দিনের মাথায় ধান নিড়িয়ে সাড়ে ৭ কেজি ইউরিয়া এবং ৪৫ দিনের মাথায় ধান নিড়িয়ে আরও একবার সাড়ে ৭ কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। সবশেষে ৬৫ দিনের মাথায় সাড়ে ৭ কেজি ইউরিয়া ও ৮ কেজি পটাশ প্রয়োগ প্রয়োজন। এতে ধানের গোড়া মজবুত হবে, পোকামাকড় ধরবে না এবং ক্ষতির সম্ভাবনা কম থাকবে; সেজন্য চাষিদের সঠিক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

তবে মাটির স্বাস্থ্য ভালো রাখতে এবং জল দূষণ কমাতে জৈব বা সবুজ সার প্রয়োগের পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। দীপঙ্করবাবু বলেন, মাটির জৈব পদার্থই মাটির স্বাস্থ্যের প্রথম ও প্রধান পরিচায়ক। অনিয়ন্ত্রিত রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, ভূগর্ভস্থ জল দূষিত হচ্ছে এবং রোগ ও পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। তাই মাটির জৈব উপাদান বৃদ্ধির জন্য জৈব ও সবুজ সার প্রয়োগ করা দরকার। তিনি জানান, আমন ধান চাষের ৪০ থেকে ৪৫ দিন আগে বিঘা প্রতি ৪ থেকে ৫ কেজি ‘ধনচে’ অথবা ‘শন’ বীজ ছড়িয়ে দিতে হবে। ৪৫ থেকে ৫০ দিন বয়স হলে জমিতে জল ভর্তি করে হালকা চাষ দিতে হবে। ধনচে ও শনের মূলের গুটিতে রাইজোবিয়াম থাকে; এই রাইজোবিয়াম বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে যোগ করে এবং বিঘা প্রতি ১২ থেকে ১৫ কেজি ইউরিয়ার সমতুল্য নাইট্রোজেন মাটিতে জোগান দেয়।

উল্লেখ্য, সবুজ সার ব্যবহারের সচেতনতা বৃদ্ধির জন্য গত ২ অক্টোবর থেকে ‘ক্ষেত বাঁচাও অভিযান’ শুরু হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এই অভিযানের আয়োজক রাজ্য কৃষি দফতর এবং ইতিমধ্যে দুই বর্ধমান জেলায় ১৭টি শিবির অনুষ্ঠিত হয়েছে। দীপঙ্করবাবু আরও বলেন, এই ‘ক্ষেত বাঁচাও অভিযান’-এ মূলত চাষিদের সবুজ সার প্রয়োগে সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ডাইরেক্ট সিড-বেড রাইস (ডিএসআর) পদ্ধতিতে ধান চাষ করার পরামর্শ দেওয়া হচ্ছে চাষিদের। তাঁর কথায়, আগাছা কম এমন জমিতে বিঘা প্রতি হালকা চাষ দিয়ে ৬ থেকে ৭ কেজি ধান বীজ ও ৪ থেকে ৫ কেজি ধনচে বীজ একসঙ্গে ছড়িয়ে দিতে হবে। ২৫ থেকে ৩০ দিনের মাথায় ধনচে গাছ নষ্ট করার জন্য স্প্রে করতে হবে। এই পদ্ধতিতে চাষ করলে ২০ শতাংশ রাসায়নিক সার ব্যবহার কমে যায়, ধান গাছের শেকড়ের ক্ষতি হয় না, গোড়া মজবুত থাকে, খরচ কম হয়, ভালো ফলন মেলে এবং চালের দানাও ভালো হয়।

বুদবুদ কৃষি বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে ডিএসআর পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে গলসীর ভাষাপুরের উৎপল রায় ১ বিঘা এবং কাঁকসার কেটেন গ্রামের উজ্জ্বল পাল ৪ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। তাতে উৎপলবাবুর বিঘায় ৯ কুইন্টাল এবং উজ্জ্বলবাবুর বিঘা প্রতি ৯ কুইন্টাল ৬০ কেজি ফলন হয়েছে।

গলসীর ক্ষতিগ্রস্ত কয়েকজন চাষি জানান, প্রকৃতির দুর্যোগ আটকানো যাবে না, তবে চাষিদের সচেতন হতে হবে। বিজ্ঞানের যুগে কৃষিকাজ যতটা সহজ হয়েছে, ততটাই ক্ষতির মুখেও পড়তে হচ্ছে। ধান কাটার হার্ভেস্টার ব্যবহারের ফলে খড় পাওয়া যাচ্ছে না, যার জেরে পশুপালন কমেছে এবং জৈব সার হিসেবে গোবরের উৎপাদনও কমছে। ফলে চাষিরা রাসায়নিক সার ব্যবহার করছেন, কিন্তু পরিমাণমতো সার প্রয়োগ না করায় ধান লজিং হয়ে ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

বর্ধমান কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান তথা বরিষ্ঠ বিজ্ঞানী ডঃ সেখ মহম্মদ আজিজুর রহমান বলেন, ধান লজিং হলে আর ঘুরে দাঁড়ানোর কোনো প্রশ্নই থাকে না। সুগন্ধি ধানে জৈব বা সবুজ সার প্রয়োগ করা দরকার; অজৈব সার প্রয়োগ করলে সুগন্ধ থাকে না। সচেতনতা বৃদ্ধির জন্য চাষিদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande