
ইসলামাবাদ (পাকিস্তান), ২৫ নভেম্বর (হি.স.) : পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে আট জঙ্গির মৃত্যু হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেশোয়ার ও বান্নু জেলায় দু’টি পৃথক অভিযান চালিয়ে তাদের নিকেশ করা হয়। বুধবার পুলিশ এই খবর জানিয়েছে।
সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে প্রাদেশিক রাজধানী পেশোয়ারের উপকণ্ঠে বাদাবের এলাকায় অভিযান চালায় সন্ত্রাস দমন শাখা (সিটিডি)। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের প্রায় ২৫ মিনিট গুলির লড়াই চলে। এই সংঘর্ষে পাঁচ জঙ্গির মৃত্যু হয়। তবে জঙ্গিদের দলনেতা তথা তিরাহ উপত্যকার বাসিন্দা কমান্ডার তাজ মহম্মদ ওরফে শিনয় পালিয়ে যেতে সক্ষম হয়।
বুধবার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার একই ধরনের অভিযানে 'জরগুল ওরফে আঙ্কল' গোষ্ঠীর তিন জঙ্গির মৃত্যু হয়েছে। ঘরেহা শাহজাহান, কিংগার এবং সংলগ্ন গ্রামগুলিতে এই অভিযান চালানো হয়। এর আগে সোমবার প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণে পসানি গ্রামে পৃথক অভিযানে আরও তিন জঙ্গির মৃত্যু হয়েছিল। তাদের পরিচয় আবদুল রশিদ, সইদুল্লাহ এবং সইদ নবাব বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি কালাশনিকভ রাইফেল, একটি পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড, পাঁচটি ম্যাগাজিন এবং কম্পিউটারাইজড জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের মদত দেওয়ার সন্দেহে কয়েকজনকে আটকও করেছে পুলিশ।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন 'জরগুল ওরফে আঙ্কল'-এর ভাইপো। এই গোষ্ঠীটি নিষিদ্ধ সংগঠনের অন্তর্ভুক্ত। পুলিশ, নিরাপত্তা বাহিনী, স্থানীয় শান্তি কমিটির প্রধান এবং সাধারণ নাগরিকদের উপর হামলা চালানোর পাশাপাশি তোলাবাজি, লুটপাট-সহ একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই গোষ্ঠীর বিরুদ্ধে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস