
ঢাকা, ২৫ নভেম্বর (হি.স.): বাংলাদেশে অস্থিরতা ও অশান্তির পরিবেশ কিছুতেই কাটছে না। সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই দফায় দফায় বিক্ষোভ, পথ অবরোধ এবং মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়াচ্ছে। এরই মধ্যে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভও অব্যাহত রয়েছে, যার জেরে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
শিল্পাঞ্চল সূত্রে জানা গিয়েছে, গাজীপুরে শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে ইতিমধ্যেই ৩২টি বস্ত্র কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দেশের অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পে এই লাগাতার অচলাবস্থার জেরে বড়সড় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হলেও কবে নাগাদ কারখানাগুলিতে উৎপাদন স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এদিকে, বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নিরন্তর চলছে সংঘর্ষ, তাতে অনেক পুলিশ কর্মী আহত হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ