‘করুণা ছাড়া মনুষ্যত্বের প্রকাশ সম্ভব নয়’, ‘করুণানায়ক’ গ্রন্থের উদ্বোধনে মন্তব্য মোহন ভাগবতের
নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত শুক্রবার ভগবান রামের ওপর লেখা একটি গ্রন্থের উদ্বোধন অনুষ্ঠানে বলেন যে, মনুষ্যত্বের প্রকাশ ঘটে করুণার মাধ্যমে এবং ভগবান রামের চরিত্রে এর প্রকট রূপ দেখা যায়। করুণা হল
মোহন ভাগবত


নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) :

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত শুক্রবার ভগবান রামের ওপর লেখা একটি গ্রন্থের উদ্বোধন অনুষ্ঠানে বলেন যে, মনুষ্যত্বের প্রকাশ ঘটে করুণার মাধ্যমে এবং ভগবান রামের চরিত্রে এর প্রকট রূপ দেখা যায়। করুণা হলো সত্যকে উপলব্ধি করার নীতি। সত্য এটাই যে, আমরা সকলেই একই সত্তার অভিব্যক্তি। এই সত্যকে বোঝা এবং তা বাস্তব অভিব্যক্তিতে নিয়ে আসাই হলো করুণা।

সংঘপ্রধান ভাগবত আম্বেদকর ভবনে নোবেলজয়ী সমাজকর্মী কৈলাশ সত্যার্থীর লেখা ‘করুণানায়ক’ গ্রন্থটির উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভুটানের রাজকুমারী দেচেন ওয়াংচুক, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (আইজিএনসিএ)-এর সদস্য সচিব ড. সচ্চিদানন্দ যোশী। সংস্কৃতি মন্ত্রক, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং প্রভাত প্রকাশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গ্রন্থটি প্রকাশ করেছে প্রভাত প্রকাশন।

সরসঙ্ঘচালক সংঘের স্বয়ংসেবকদের উদাহরণ তুলে ধরে বলেন, সমাজের দুঃখ দূর করার প্রেরণা থেকেই স্বয়ংসেবকরা কাজ করেন। পৃথিবীতে ভয়, স্বার্থ ও অহংকারের বশেও সেবামূলক কাজ করা হয়, কিন্তু আত্মীয়তার অনুভূতিই হলো সেই প্রেরণা যা সেবাকর্মকে নিরবচ্ছিন্নভাবে চালিয়ে নিয়ে যায় এবং এরই নাম করুণা। সংঘের স্বয়ংসেবকরাও এই প্রেরণা নিয়েই কাজ করে চলেছেন।

গ্রন্থ রচনার প্রশংসা করে ড. ভাগবত বলেন, বিশ্বজুড়ে সংঘাতের আবহে এই গ্রন্থের প্রকাশ নিয়তিরই এক রূপ। পৃথিবী মূলত ‘আমি’ এবং ‘আমার’-এর জন্য লড়াই করছে। করুণার মধ্যে এই ভাবনার অভাব থাকে এবং সংঘাত তৈরি হয় না। বিশ্বকে এই কথাই বোঝানোর চেষ্টা করেছে ভারত। করুণার মধ্য দিয়েই মনুষ্যত্বের প্রকাশ ঘটে।

কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াত বলেন, রামকে বোঝা আর ভারতকে বোঝা, আবার ভারতকে বোঝা আর রামকে বোঝা প্রায় একই কথা। রামের গুণাবলির মধ্যে করুণা কৌস্তুভ মণির মতো। তাঁর কথায়, করুণা ছাড়া কৃতজ্ঞতাবোধ সম্ভব নয়।

রাজকুমারী ওয়াংচুক বলেন, ভুটানের সংস্কৃতিতে করুণাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এই কারণেই সেখানে মানুষের অগ্রগতিকে তার উন্নত ও সুখী জীবনের নিরিখে বিচার করা হয়। তাঁর মতে, করুণা আসলে আমাদের চরিত্রের সাহস। এই গ্রন্থ যুবসমাজকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গ্রন্থ রচনার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে কৈলাশ সত্যার্থী বলেন, রাম ও রাবণের মূল পার্থক্য এটাই ছিল যে, রাম ছিলেন করুণাময় এবং রাবণ ছিল করুণাহীন। তিনি বলেন, সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া ঠিক নয়; নিজের ভেতরের ঈশ্বরকে চেনা প্রয়োজন। আমাদের সকলের ভেতরেই করুণা বিদ্যমান। করুণা থেকেই সমাধান, পরিবর্তন, দায়িত্ব ও জবাবদিহির শক্তি জন্ম নেয়। বিবেকপূর্ণভাবে সমাধানের ক্ষমতাই হলো করুণা। কেবল রাম নন, শবরী ও অহল্যার উদাহরণ দিয়েও তিনি বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেন। সচ্চিদানন্দ যোশী বলেন, রাম করুণা ও সংস্কৃতির প্রতীক; চরিত্র ও একাত্মতার মধ্য দিয়ে তাঁকে বোঝা যায়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande