
নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) : তামিলনাড়ুর কার্তিগাই দীপম বিতর্কে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। ভিএইচপি-র আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার বলেন, আদালতের এই হস্তক্ষেপ হিন্দু আস্থা এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তামিলনাড়ু সরকার এবং তথাকথিত হিন্দু-বিরোধী রাজনীতির মুখে এটি কড়া জবাব বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার এক বিবৃতিতে অলোক কুমার বলেন, সুপ্রিম কোর্ট গত ২০ নভেম্বর দীপথুনে কার্তিগাই দীপম প্রজ্বলনের নির্দেশ দিলেও ২৪ নভেম্বর প্রদীপ জ্বালানো হয়নি। তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক দল ও প্রশাসনিক মহল একজোট হয়ে আদালতের নির্দেশকে নিষ্ক্রিয় করার চেষ্টা করেছিল। তিনি জানান, আগামী ২৮ নভেম্বর দীপথুনে প্রদীপ প্রজ্বলনের স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আদালত মন্দিরের ট্রাস্টি বোর্ডকে সাময়িকভাবে বরখাস্ত করে মাদ্রাজ হাইকোর্টের দুই প্রাক্তন বিচারপতি বিচারপতি এস. বৈদ্যনাথন এবং বিচারপতি ভি. পার্থিবনকে রিসিভার বা প্রশাসক হিসেবে নিযুক্ত করেছে। মন্দির ও দরগা—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সিআরপিএফ-কে। পাশাপাশি পুণ্যার্থীদের দরগা থেকে অন্তত ৫০ মিটার দূরে প্রদীপ জ্বালানোর অনুমতি দেওয়া হয়েছে।
অলোক কুমার আরও জানান, আদালত তামিলনাড়ুর মুখ্যসচিব, পুলিশ মহানির্দেশক (ডিজিপি), মাদুরাইয়ের জেলাশাসক এবং মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে। প্রাথমিক পর্যবেক্ষণে ২০ নভেম্বরের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা এবং মাদুরাইয়ে প্রশাসনিক অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে চিঠিপত্র, ইমেল এবং অন্যান্য যোগাযোগের নথিও তলব করা হয়েছে।
তাঁর বক্তব্য, কোনো সরকার, রাজনৈতিক দল বা প্রশাসনিক আধিকারিক বিচারব্যবস্থার ঊর্ধ্বে হতে পারেন না। তামিলনাড়ু সরকার অতীতের ভুল থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যতে আদালতের নির্দেশ ও হিন্দু ধর্মীয় রীতিনীতি অবমাননা করা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, আদালত অবমাননার আবেদনের পরবর্তী শুনানি বাকি রয়েছে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের আগামী ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে হাজির থাকতে হবে; ফলে চূড়ান্ত বিচারিক সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে।
উল্লেখ্য, তামিলনাড়ুর মাদুরাই জেলার তিরুপরনকুন্দ্রম পাহাড়ে অবস্থিত দীপথুন স্তম্ভে আদালতের নির্দেশ সত্ত্বেও প্রদীপ না জ্বালানোর ঘটনায় প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। এদিন শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানায়, প্রদীপ জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তা ইচ্ছাকৃতভাবে মানা হয়নি; যা আদালত অবমাননার শামিল। আধিকারিকরা আদালতের নির্দেশ না মেনে নিজেদের রাজনৈতিক প্রভুদের নির্দেশ মেনেছেন এবং এ ধরনের সাংবিধানিক অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করে আদালত। আগামী ২৮ নভেম্বর সিআরপিএফ-এর নিরাপত্তায় সেখানে প্রদীপ জ্বালানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
কার্তিক পূর্ণিমার দিন ‘কার্তিগাই দীপম’ প্রথা অনুযায়ী পাহাড়ের দীপথুন স্তম্ভে প্রদীপ প্রজ্বলন করা হয়। পাহাড়ে হিন্দু পক্ষ প্রদীপ জ্বালাতে চাইলে তামিলনাড়ু সরকার অনুমতি না দেওয়ায় এই বিতর্কের সূত্রপাত হয়। এরপর হিন্দু পক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে নির্দিষ্ট দিনে প্রদীপ জ্বালানোর নির্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি