ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ বাতিল করল হাইকোর্ট, ১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ স্পিকারকে
কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা মনোনয়ন নিয়ে বিধানসভার অধ্যক্ষের নেওয়া সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় দিয়ে স্পিকার রবীন্দ্রনাথ বসুকে আগামী ১০ দিন
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা মনোনয়ন নিয়ে বিধানসভার অধ্যক্ষের নেওয়া সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় দিয়ে স্পিকার রবীন্দ্রনাথ বসুকে আগামী ১০ দিনের মধ্যে এই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ৩ জুন স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। হাইকোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে দেওয়ায় আগামী ১০ দিন রাজ্যে বিরোধী দলনেতার পদ শূন্য থাকবে। এর পাশাপাশি বিরোধী দলের মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নিয়োগের সিদ্ধান্তও খারিজ করেছে আদালত।

এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানির পর তা পুনরায় একক বেঞ্চে পাঠিয়ে দিয়েছিল। গত শনিবার মামলার শুনানি শেষ হওয়ার পর বিচারপতি কৃষ্ণা রাও রায়দান স্থগিত রেখেছিলেন, যা শুক্রবার ঘোষণা করা হয়।

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, বিধানসভা নির্বাচনে ৮০টি আসনে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রধান বিরোধী দল হয়। দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেছিলেন এবং এ সংক্রান্ত চিঠি গত ৯ মে দলের পক্ষ থেকে স্পিকারকে পাঠানো হয়েছিল।

অভিযোগ, স্পিকার ওই চিঠির ভিত্তিতে কোনো পদক্ষেপ করেননি এবং পরবর্তীকালে চিঠিতে বিধায়কদের ভুয়ো স্বাক্ষর থাকার অভিযোগ ওঠে। এরপর ১ জুন দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে ৩ জুন তৃণমূলের ৫৮ জন বিধায়ক স্পিকারকে আরেকটি চিঠি দিয়ে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিজেদের নেতা হিসেবে নির্বাচন করেন এবং তার ভিত্তিতে স্পিকার তাঁকে বিরোধী দলনেতা ঘোষণা করেন। এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়।

গত ১৬ নভেম্বর শুনানির সময় বিচারপতি রাও স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, ৭৮ জন বিধায়কের দাবিকে উপেক্ষা করে ৫৪ বা ৫৬ জন বিধায়কের বক্তব্যকে কেন গুরুত্ব দেওয়া হলো? অপর পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন ছিল না কি এবং স্পিকার কি কোনো রাজনৈতিক দলের সংবিধান ও সিদ্ধান্তকে অগ্রাহ্য করতে পারেন? সেদিন রাজ্য সরকারের আইনজীবী সূর্যনীল দাস সিদ্ধান্তে বিলম্বের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করলে বিচারপতি কড়া মন্তব্য করে প্রশ্ন করেছিলেন, আপনারা কি এখন ত্রুটিগুলি শুধরে নেওয়ার পথ খুঁজছেন?

অন্যদিকে, স্পিকারের হয়ে সওয়াল করতে গিয়ে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য সওয়াল করেছিলেন যে, স্পিকার ১৫ মে দায়িত্বভার গ্রহণ করেন এবং ১৯ থেকে ২৪ মে পর্যন্ত কলকাতার বাইরে ছিলেন। ১৯ মে তৃণমূলের পক্ষ থেকে ৬ মে তারিখের একটি প্রস্তাব পাঠানো হয়েছিল, যার পর বিরোধী গোষ্ঠীর অভিযোগ মেলে এবং এফআইআর দায়ের হয়। তবে রাজ্য সরকারের এই সওয়ালে সন্তুষ্ট হয়নি আদালত।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট এই মামলায় রায় দেওয়ার সময় ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছিল যে, বিধানসভার অধ্যক্ষ যে রাজনৈতিক দলের সদস্যই হোন না কেন, পদের দায়িত্ব পালনের সময় তাঁকে সম্পূর্ণ নিরপেক্ষ ও নির্মোহ থাকতে হবে এবং তাঁর রাজনৈতিক পরিচয় সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না। আদালত এও বলেছিল যে, বিরোধী দলনেতা ও মুখ্য সচেতক নিয়োগের ক্ষেত্রে কেবল বিধায়কদের সংখ্যাই নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তকেও বিবেচনায় নেওয়া জরুরি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande