
দুর্গাপুর, ২৭ নভেম্বর (হি.স.) : সরকারি কর্মসূচির চরম ব্যস্ততার মাঝেই শুক্রবার দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইয়ের বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন এলাকার বিবেকানন্দ রোডে অবস্থিত বিধায়কের বাড়িতে পৌঁছে মুখ্যমন্ত্রী তাঁর কন্যা সুস্মিতা পাত্র এবং জামাতা সৌমেন পাত্রের ২৩ দিন বয়সী পুত্রসন্তান শিবাংশ পাত্রকে স্নেহ ও আশীর্বাদ করেন। মুখ্যমন্ত্রীর এই আন্তরিক সফরে আবেগাপ্লুত হয়ে পড়ে বিধায়কের পরিবার।
শুক্রবার মুখ্যমন্ত্রী প্রথমে আকাশপথে অন্ডাল বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে অন্ডাল বিমাননগরীতে একটি বেসরকারি ক্যান্সার কেয়ার হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সড়কপথে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দুর্গাপুরের সিটি সেন্টারস্থিত সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে অংশ নেন। এরপর সিটি সেন্টারের ডিএমসি মোড়ে বজরংবলীর বিশাল মূর্তির আবরণ উন্মোচন করেন তিনি। এই সমস্ত কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইয়ের বাড়িতে যান।
সেখানে তিনি ২৩ দিনের সদ্যোজাত শিবাংশকে কোলে নিয়ে আদর করেন এবং পরিবারকে শুভেচ্ছা জানান। শীতের মরসুমের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী শিশুটিকে সাবধানে রাখার পরামর্শও দেন তার মাকে।
মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর বিধায়কের কন্যা সুস্মিতা পাত্র বলেন, মুখ্যমন্ত্রীর তাঁদের বাড়িতে এসে শিশুটিকে আশীর্বাদ করা তাঁদের পরিবারের কাছে অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত। এই সম্মান তাঁর বাবার পরিশ্রমেরই ফল বলে তিনি মন্তব্য করেন। তাঁদের সন্তানও যেন বড় হয়ে মুখ্যমন্ত্রীর মতো দেশ ও সমাজের কাছে জনপ্রিয় হয়ে ওঠে, এমনটাই কামনা পরিবারের।
অন্যদিকে, জামাতা সৌমেন পাত্র মুখ্যমন্ত্রীর এই সফরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ব্যস্ত কর্মসূচি সত্ত্বেও মুখ্যমন্ত্রী তাঁদের বাড়িতে এসে শিশুটিকে আশীর্বাদ করেছেন, যা তাঁদের পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
-
হিন্দুস্থান সমাচার / সোনালি