দুর্বল সেতু, হাফলং–দেহাঙ্গি সড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা
১০ টনের বেশি ওজনের গাড়িকে উমরাংশো–দেহাঙ্গি বিকল্প পথে চলাচলের নির্দেশ পূর্ত দফতরের
দুর্বল সেতু, হাফলং–দেহাঙ্গি সড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা


হাফলং (অসম), ২৭ নভেম্বর (হি স): সেতুর দুর্বল কাঠামোর কারণে হাফলং–তিনালি–দেহাঙ্গি সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করল পূর্ত দফতর। ১০ টনের বেশি ওজনের যানবাহন চলাচল অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার হাফলং ডিভিশনের পূর্ত (সড়ক ও জাতীয় সড়ক) বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই সড়কের ২৪/১ নম্বর সেতু এবং থাইজুয়ারিতে অবস্থিত ২৬/১ নম্বর সেতুর কাঠামো দুর্বল হয়ে পড়েছে। ফলে নির্ধারিত ওজনসীমার বেশি ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে সেতু দু’টি নিরাপদ নয় বলে মনে করছে দফতর। সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো এবং সেতু দু’টির আরও ক্ষয়ক্ষতি রুখতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্দেশ অনুযায়ী, পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত ১০ টনের বেশি ওজনের কোনও যানবাহন সেতু দু’টির উপর দিয়ে চলাচল করতে পারবে না। বিকল্প পথ হিসেবে ওই ধরনের যানবাহনকে উমরাংশো–দেহাঙ্গি সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

যানবাহনের চালক ও মালিকদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও নতুন নির্দেশিকা মেনে চলার আবেদন জানিয়েছে পূর্ত দফতর। সেতু দু’টির কাছে সতর্কতামূলক বোর্ড, ওজনসীমা সংক্রান্ত নির্দেশিকা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানানো হয়েছে।

দফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেতু দু’টির মেরামতি ও পুনরুদ্ধারের কাজ শেষ হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করে ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হবে। তত দিন পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কপথে ভারী পণ্যবাহী যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande