
আসানসোল, ২৭ নভেম্বর (হি.স.): আবারও এনকাউন্টার পশ্চিমবঙ্গে! এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল। অভিযুক্তকে গুলি করে পাকড়াও করেছে পুলিশ, তার পায়ে গুলি লেগেছে। শুক্রবার সকালে ইসমাইল এলাকায় একটি বাড়িতে লুকিয়ে থাকা অভিযুক্ত পুলিশকে দেখেই গুলি চালানোর চেষ্টা করে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতে প্রতাপ দাস নামের ওই অভিযুক্ত যুবকের ডান পায়ে গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে এলাকারই একটি বাড়ি থেকে পাকড়াও করে পুলিশ। অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ইসমাইলে অভিযুক্ত প্রতাপ দাসের খোঁজে বুধবারই অভিযানে নেমেছিল পুলিশ। ওই দিন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। শুক্রবার পুলিশ খবর পায়, ইসমাইল এলাকাতেই একটি বাড়িতে লুকিয়ে রয়েছে। সেই মতো সকাল থেকেই অভিযানে নামে পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। নেতৃত্বে ছিল হিরাপুর থানার পুলিশ। ইসমাইল এলাকাতেই তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকেরা। বাড়ির পাঁচিলে উঠে, অলিগলিতে টহল দিয়ে অভিযুক্তের খোঁজ করতে দেখা যায় পুলিশকে। পরে অভিযুক্ত গুলি চালালে পুলিশও গুলি চালায়, জখম অবস্থায় অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ