
বাঁকুড়া, ২৭ নভেম্বর (হি. স.) : দক্ষিণবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়কে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন স্থানীয় ছাতনার বিধায়ক সত্যনারায়ন মুখোপাধ্যায়।শুশুনিয়া পাহাড়ের অন্যতম আকর্ষন তার পাদদেশে থাকা ঝর্ণার জল, যা তীব্র গতিতে ২৪ ঘন্টা জল পড়ে চলা। প্রতিবছর শ্রাবণ মাসে জেলার প্রায় লক্ষাধিক ভক্তএই জল সংগ্রহ করে নিয়ে গিয়ে বিভিন্ন মন্দিরে শিবঠাকুরকে নিবেদন করেন।দিনের অধিকাংশ সময় সেই বিপুল পরিমান জল অযথা পড়ে গড়িয়ে নষ্ট হয়ে যায়। সেই জল ধরে কাজে লাগাতে উদ্যোগী হয়েছেন বিজেপি বিধায়ক সত্যনারায়ণবাবু।
প্রায় দেড় কোটি টাকার পরিকল্পনা করা হয়েছে প্রকৃতির এই জল যাতে অপচয় না হয়। সেই জল সংরক্ষণ করে কৃষিকাজ ও এলাকার অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলার পরিবেশবাদী সংস্থা মাই ডিয়ার ট্রিজ এন্ড ওয়াইল্ডস। এই সংস্থা দীর্ঘদিন ধরে বৃষ্টির জল ধরে কাজে লাগানো এবং অপচয় রোধ করে জলসমৃদ্ধ জেলা গড়ে তোলার কাজ করে চলেছে। সংস্থাটি শুশুনিয়ার ধারার জল ও গাছ বাঁচাতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।এই উদ্যোগ নেওয়ার জন্য তারা বিধায়ককে ধন্যবাদ জানিয়েছে।এছাড়া শুশুনিয়া পাহাড় পর্যটন পরিকাঠামো আরও উন্নত করার পরিকল্পনাও রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন সংরক্ষিত হবে পাহাড়ি জলধারা,পরিবেশ অন্যদিকে পর্যটকদের কাছেও নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে শুশুনিয়া পাহাড় এলাকা। প্রাথমিক পর্যায়ে এই উন্নয়ন কর্মসূচির জন্য প্রায় দেড় কোটি টাকা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।এই পরিকল্পনা রূপায়নের জন্য শুক্রবার শুশুনিয়া পাহাড় ও পাহাড়ের পাদদেশ, পাহাড়ে থাকা শিলালিপি, জঙ্গল ও ঝর্ণা ঘুরে দেখেন।পাহাড়ের পিছন দিকে থাকা শিউলিবনা গ্রাম এলাকা পরিদর্শন করেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি, ছাতনা থানার আইসি বিটুল পাল এবং বন দফতরের রেঞ্জ আধিকারিক। তাঁরা দীর্ঘক্ষণ এলাকাটি ঘুরে দেখেন, মাপজোপ করেন ও প্রাথমিক পর্যায়ের কাজ নিয়ে আলোচনা করেন।পাহাড়ের ধারার জল কিভাবে সংরক্ষণ করা সম্ভব, কোথায় জলাধার তৈরি করা যেতে পারে এবং পর্যটন পরিকাঠামো উন্নত কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়। বিধায়কের কথায় পাহাড় থেকে নেমে আসা বিপুল পরিমাণ জল যাতে অপচয় না হয়ে সংরক্ষিত থাকে, সেই লক্ষ্যেই জলাধার তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। সংরক্ষিত জল কৃষিকাজে ব্যবহার করা গেলে উপকৃত হতে পারেন আশপাশের এলাকার কৃষকরা। তাছাড়া এই জলকে কাজে লাগিয়ে স্থানীয় এলাকা ও পর্যটন উন্নয়নের নতুন সম্ভাবনা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।শুধু জল সংরক্ষণ নয়, শুশুনিয়া পাহাড়ের পিছনের দিকের এলাকাটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার ভাবনাও রয়েছে এই পরিকল্পনায়।বিধায়ক সত্যনারায়ণ বাবু জানান যে প্রাথমিক পর্যায়ে প্রায় দেড় কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই কাজ শুরু করার উদ্যোগ রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে জল সংরক্ষণের পাশাপাশি কৃষি ও পর্যটন, দুই ক্ষেত্রেই নতুন দিশা খুলতে পারে। শুশুনিয়া পাহাড়ের পরিচিত পর্যটন আকর্ষণের সঙ্গে যমধারা এলাকাও নতুনভাবে পরিচিতি পেতে পারে। এখন অপেক্ষা এই পরিকল্পনা কবে বাস্তবে রূপ পায় এবং কত দ্রুত শুরু হয় উন্নয়নের কাজ।এপ্রেক্ষিতে উল্লেখ্য, বিধায়ক সত্যনারায়ণবাবু
শুশুনিয়া এলাকাবাসী ও পর্যটকদের কথা ভেবে পুলিশের একটি আউট পোষ্ট খোলার পরিকল্পনা নিয়েছেন। পুলিশ সুপার পি ভি জি সতীশকে তিনি জায়গায়ও দেখিয়েছেন।তিনি পর্যটকদের নিরাপদে থাকা ও এলাকার বেকারদের কর্মসংস্থানের জন্য কটেজ তৈরির পরিকল্পনা নিয়েছেন।এপ্রেক্ষিতে উল্লেখ্য, শুশুনিয়ার পর্যটকদের কথা মাথায় রেখে বিগত সরকারের আমলে গত ২০১৩-১৪ সালে ২৩ লক্ষ টাকা খরচ করে জেলা পরিষদের উদ্যোগে দুটি কটেজ তৈরি করা হয়ে ছিল। সেই কটেজগুলি চালু না হওয়ায় পরিতক্ত্য অবস্থায় পড়ে রয়েছে।এই দুটির একটিতে পুলিশ আউট পোষ্ট ও অন্যটিতে পর্যটকদের সুলভ ও নিরাপদ থাকার ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছেন।এপ্রেক্ষিতে উল্লেখ্য,শুশুনিয়া থেকে গঙ্গাজলঘাঁটি বা ছাতনা থানার দূরত্ব অনেকটাই। তাই কোন ঘটনা ঘটলে পুলিশ এসে পৌঁছাতে সময় লাগে।এতে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়তেন।
তাই বিধায়কের প্রাথমিক পরিকল্পনা সফল হলে শুশুনিয়া এলাকার উন্নয়ন গতি পাবে। এই কটেজ দুটি বাঁকুড়া জেলা পরিষদের সম্পত্তি হওয়ায় অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কেও তিনি কটেজ পরিদর্শনে নিয়ে এসেছিলেন। এই কটেজগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় রাতের অন্ধকারে মদের আসর বসে ও অসামাজিক কাজকর্ম চলে। কটেজের জানালা ও দরজা চুরি হয়ে গেছে।তাই কটেজ দুটি পরিষ্কার ও সংস্কার করে আউট পোস্ট ও পর্যটকদের থাকার জায়গা করা হলে পর্যটন শিল্পের কাজে লাগবে, সরকারের ঘরে টাকা আসবে এবং নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে স্থানীয়দের অভিমত।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট