উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন মানুষ, রাজ্যজুড়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে : মুখ্যমন্ত্রী
আগরতলা, ২৭ নভেম্বর (হি.স.) : রাজ্যের সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করছেন সাধারণ মানুষ। এখনও পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর তাঁর কাছে নেই। শুক্রবার সকালে আগরতলায় মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা
ভোট দিলেন মুখ্যমন্ত্রী


আগরতলা, ২৭ নভেম্বর (হি.স.) : রাজ্যের সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করছেন সাধারণ মানুষ। এখনও পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর তাঁর কাছে নেই। শুক্রবার সকালে আগরতলায় মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৭টা থেকে রাজ্যের ১৬টি পুর ও নগর সংস্থার সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে রাজধানী আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের নির্বাচন। শহরের ৪৩৯টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন এবং উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়।

এদিন সকালে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা রাজধানীর মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের ভোটার। ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভোট দিয়ে তাঁর ভালো লেগেছে। গোটা রাজ্যেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর তাঁর কাছে আসেনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করছেন। গণতন্ত্রের এই উৎসবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত স্বাভাবিক এবং ইতিবাচক বিষয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটদানই কাম্য বলেও তাঁর বক্তব্যে উঠে আসে। ভোটারদের এই উৎসাহ ও অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এদিকে আগরতলা পুর নিগমের সাধারণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানী শহরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। গোটা শহরকে মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে। প্রতিটি ভোটকেন্দ্রেই মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। পাশাপাশি ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিযুক্ত রয়েছেন তিন হাজারেরও বেশি ভোটকর্মী।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগরতলা শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে দায়িত্বে রয়েছেন প্রায় ছয় হাজার নিরাপত্তাকর্মী। ভোটকেন্দ্রগুলিতে নজরদারি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং ভোটকেন্দ্রগুলির প্রাথমিক পরিস্থিতি অনুযায়ী, এদিন আগরতলাসহ রাজ্যের বিভিন্ন পুর ও নগর সংস্থায় শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলেছে ভোটগ্রহণ প্রক্রিয়া। এখন নজর ভোটের বাকি সময়ে এই শান্তিপূর্ণ পরিবেশ কতটা বজায় থাকে এবং শেষ পর্যন্ত ভোটদানের হার কোথায় গিয়ে পৌঁছায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande