
রাজগড়, ৪ নভেম্বর (হি.স.) : মধ্য প্রদেশের রাজগড় জেলার বোড়া থানা এলাকায় বুধবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অতিথি শিক্ষকের। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির দরজা আচমকা খুলে যাওয়ায় মোটরসাইকেল-সহ রাস্তায় ছিটকে পড়েন ওই শিক্ষক। সেই সময় পিছন দিক থেকে আসা একটি ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম রামবাবু বর্মা (৪৫)। তিনি লসুড়লিয়া জাগির গ্রামের বাসিন্দা এবং বোরখেড়া স্কুলে অতিথি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার সময় বিদ্যুৎ দফতরের কার্যালয়ের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির দরজা হঠাৎ খুলে যায়। মোটরসাইকেলটি দরজায় ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান রামবাবু। ঠিক সেই সময় একটি ট্র্যাক্টর তাঁর উপর দিয়ে চলে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত বোড়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেয়।পুলিশ ট্র্যাক্টর চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পাশাপাশি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস