
বারাবাঁকি, ৫ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বারাবাঁকিতে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে দুই দুষ্কৃতী জখম হয়েছে। এই ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়েছেন। বুধবার গভীর রাতে রামসনেহিঘাট থানা এলাকার দুলহেদেপুর গ্রামের কাছে ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় অভিযান চালানোর সময় নম্বরপ্লেটবিহীন একটি স্কুটিতে থাকা দুই সন্দেহভাজনকে আটকানোর চেষ্টা করে পুলিশ। সেই সময় তারা পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে অভিষেক নামে এক কনস্টেবলের হাতের তালুতে গুলি লাগে। এরপর পুলিশ পাল্টা গুলি চালালে দুই দুষ্কৃতীর পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার রিতেশ কুমার সিং জানান, ধৃতদের নাম রাহুল দীক্ষিত ও সৌরভ কুমার বর্মা। রাহুল সীতাপুর জেলার সিদ্ধৌলি থানার অন্তর্গত ওয়াড়ি এলাকার বাসিন্দা। অন্যদিকে, সৌরভ রামসনেহিঘাটের গঢ়ি মাজরে মৌ গৌরপুর এলাকার বাসিন্দা।
ধৃতদের কাছ থেকে ৩১৫ ও ১২ বোরের দুটি অবৈধ দেশি পিস্তল, তাজা কার্তুজ, ব্যবহৃত কার্তুজের খোল এবং নম্বরপ্লেটবিহীন একটি স্কুটি উদ্ধার হয়েছে। আহত দুই অভিযুক্ত ও পুলিশকর্মীকে চিকিৎসার জন্য রামসনেহিঘাটের কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস