১৩,৬২৯ ফুট উচ্চতায় অবতরণ, বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় বায়ুসেনার আইএল-৭৬এমডি
নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): বিশ্বের সামরিক বিমান চলাচলের ইতিহাসে এক অনন্য নজির গড়ে তুলল ভারতীয় বায়ুসেনা। পূর্ব লাদাখের অত্যন্ত প্রতিকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নিয়োমা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে (এএলজি) সফলভাবে অবতরণ করল ভারতীয় বায়ুস
বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় বায়ুসেনার আইএল-৭৬এমডি


নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): বিশ্বের সামরিক বিমান চলাচলের ইতিহাসে এক অনন্য নজির গড়ে তুলল ভারতীয় বায়ুসেনা। পূর্ব লাদাখের অত্যন্ত প্রতিকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নিয়োমা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে (এএলজি) সফলভাবে অবতরণ করল ভারতীয় বায়ুসেনার ভারী সামরিক পরিবহণ বিমান ‘আইএল-৭৬এমডি’। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৬২৯ ফুট উচ্চতায় এই বিশালাকার মালবাহী বিমানের অবতরণ বিশ্বজুড়ে এই নির্দিষ্ট বিমানটির ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় অবতরণের এক সর্বকালীন বিশ্বরেকর্ড।

শনিবার ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এক্স মাধ্যমে এই ঐতিহাসিক সাফল্যের কথা জানানো হয়। বায়ুসেনার বার্তায় উল্লেখ করা হয়, ভারতীয় বায়ুসেনার একটি আইএল-৭৬এমডি বিমান নিয়োমায় সফল অবতরণের মধ্য দিয়ে ইতিহাস রচনা করেছে। গোটা বিশ্বে এই বিমানের দ্বারা এটাই সর্বোচ্চ উচ্চতায় (১৩,৬২৯ ফুট) অবতরণের অনন্য নজির। এই সাফল্য বিমানটির দীর্ঘস্থায়ী সক্ষমতার পাশাপাশি বিমানচালকদের অসাধারণ দক্ষতা, নিখুঁত পরিচালনা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল নিদর্শন।

সামরিক বিশেষজ্ঞদের মতে, চীন সীমান্ত সংলগ্ন পূর্ব লাদাখের নিয়োমার পাতলা বাতাস ও প্রতিকূল আবহাওয়ায় এত ভারী যুদ্ধবিমান অবতরণ করানো অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ একটি অভিযান ছিল। এই সফল অবতরণের মাধ্যমে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ভারতীয় সশস্ত্র বাহিনীর রসদ সরবরাহ, ভারী সামরিক সরঞ্জাম দ্রুত মোতায়েন এবং কৌশলগত পরিবহণ সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেল। বায়ুসেনার অভিজ্ঞ পাইলট ও ক্রু সদস্যদের এই নিখুঁত দক্ষতা দেশের আকাশসীমা ও সীমান্ত প্রতিরক্ষায় আত্মবিশ্বাসকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande