
সুকমা, ৮ নভেম্বর (হি.স.): বছরের পর বছর লাল সন্ত্রাস ও আতঙ্কের অন্ধকারে নিমজ্জিত থাকার পর অবশেষে আলোর উৎসবে শামিল হলো ছত্তিশগড়ের সুকমা জেলার পুভরতি গ্রাম। সম্প্রতি প্রশাসনিকভাবে সম্পূর্ণ 'নকশাল মুক্ত' ঘোষিত এই প্রত্যন্ত গ্রামে স্থানীয় আদিবাসী বাসিন্দাদের সঙ্গে নিয়ে আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে দীপাবলি উদ্যাপন করল সুকমা জেলা পুলিশ।
সুকমা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও জওয়ানরা পুভরতি গ্রামে পৌঁছন। সেখানে তাঁরা গ্রামবাসীদের দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি, বাজি ও উপহার সামগ্রী বিতরণ করেন। পুলিশের এই আন্তরিক উদ্যোগে শামিল হয়ে গ্রামের শিশু ও মহিলারাও উৎসাহের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে উৎসবে অংশ নেন। উল্লেখ্য, অতীতে পুভরতি গ্রামটি মাওবাদীদের অন্যতম প্রধান শক্ত ঘাঁটি ও নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। নিরবচ্ছিন্ন নিরাপত্তা অভিযান, এলাকায় স্থায়ী সুরক্ষা ক্যাম্প স্থাপন এবং সরকারি উন্নয়নমূলক প্রকল্পের দ্রুত রূপায়ণের মাধ্যমে সম্প্রতি এই গ্রামটিকে সম্পূর্ণ মাওবাদী সন্ত্রাস মুক্ত ঘোষণা করা সম্ভব হয়েছে। দীর্ঘ ভয় ও ভীতির পরিবেশ কাটিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে সাধারণ গ্রামবাসীর এই যৌথ উৎসব উদযাপন বস্তার অঞ্চলে শান্তি ও সামাজিক আস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ