
কুল্লু (হিমাচল প্রদেশ), ৯ নভেম্বর (হি.স.): টানা চার দিন ধরে ভয়াবহ দাবানলে জ্বলছে হিমাচল প্রদেশের পাহাড়ি জেলা কুল্লুর বিস্তীর্ণ বনাঞ্চল। আগুন ক্রমেই বনাঞ্চলের নতুন নতুন অংশে ছড়িয়ে পড়ায় পুড়ে ছাই হয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকার অমূল্য বনজ সম্পদ। একইসঙ্গে দাবানল থেকে নির্গত ঘন বিষাক্ত কালো ধোঁয়া ও ছাইয়ে ঢেকে গিয়েছে সমগ্র কুল্লু উপত্যকা। এর জেরে উপত্যকা জুড়ে বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে এবং স্থানীয় বাসিন্দা ও বয়স্কদের মধ্যে তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার দিন ধরে কুল্লুর পাহাড়ি ঢালে বিভিন্ন পয়েন্টে আগুন জ্বলছে। বাতাসে ভর করে দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানলে বহু বন্যপ্রাণীর মৃত্যু ও বাসস্থান ধ্বংস হওয়ার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। বনভূমি পুড়ে যাওয়ার পাশাপাশি যে ঘন ধোঁয়া সৃষ্টি হয়েছে, তার প্রভাবে হাঁপানি ও শ্বাসকষ্টের রোগীদের পাশাপাশি সাধারণ মানুষেরও চোখ জ্বালা ও শ্বাস নিতে চরম কষ্ট হচ্ছে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, ফায়ার সিজন শুরু হওয়ার আগেই প্রশাসনের পক্ষ থেকে কার্যকর অগ্নিনির্বাপণ পরিকল্পনা নেওয়া প্রয়োজন ছিল।
পরিস্থিতি মোকাবিলায় বন বিভাগ ও দমকল কর্মীরা যৌথভাবে পাহাড়ি এলাকায় আগুন নেভানোর কাজে নেমেছেন।
বন বিভাগের মুখ্য অরণ্যপাল (সিসিএফ) সন্দীপ শর্মা জানিয়েছেন, বিভিন্ন স্থানে বন বিভাগের কর্মী ও দমকল বাহিনীকে মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনার নিরবচ্ছিন্ন চেষ্টা চলছে। বেশ কিছু অংশে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আবার কিছু এলাকায় গ্রামবাসীরাও নিজস্ব উদ্যোগে আগুন নেভাতে সাহায্য করছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ