খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক! রিমোট কন্ট্রোলড সভাপতি বলে কটাক্ষ গৌরব ভাটিয়ার
নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ‘দীপাবলি হলো খুশির এক ইদ’ মন্তব্যের প্রেক্ষিতে জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। খাড়গের এই বক্তব্যকে কেন্দ্র করে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আ
গৌরব ভাটিয়া


নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ‘দীপাবলি হলো খুশির এক ইদ’ মন্তব্যের প্রেক্ষিতে জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। খাড়গের এই বক্তব্যকে কেন্দ্র করে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। সোমবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, কংগ্রেসের মূল চরিত্রই হলো সংখ্যালঘু তোষণ এবং হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা। খাড়গেকে গান্ধী পরিবারের ‘রিমোট-কন্ট্রোলড সভাপতি’ বলেও কটাক্ষ করেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, এটাই কংগ্রেস দলের ডিএনএ—১) মুসলিম শ্রেণির প্রকাশ্য ও চরম তোষণ করা, এবং ২) আনন্দ, সৌহার্দ্য ও সবাইকে নিয়ে চলার উৎসবের দিনেও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা।

কংগ্রেস নেতৃত্বের ওপর তোপ দেগে তিনি আরও বলেন, মল্লিকার্জুন খাড়গে হলেন কংগ্রেসের এক রিমোট-কন্ট্রোলড সভাপতি; যার ব্যাটারি নিয়ন্ত্রণ করেন সোনিয়া গান্ধী এবং যার আঙুল ধরে থাকেন রাহুল গান্ধী। মল্লিকার্জুন খাড়গে যে বিবৃতিই দেন না কেন, তিনি আসলে নিজের কণ্ঠের মাধ্যমে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর হিন্দু-বিরোধী এবং সনাতন-বিরোধী মানসিকতাকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে মল্লিকার্জুন খাড়গে দীপাবলিকে ভারতের এক বিশাল উৎসব হিসেবে উল্লেখ করে এটিকে ‘খুশিয়ো কা এক ইদ’ বলে বর্ণনা করেছিলেন। সেই মন্তব্যের পরই বিজেপি অভিযোগ তোলে যে, হিন্দু উৎসবের পরিচয় বদলে দিয়ে ভোটব্যাঙ্ক তোষণের রাজনীতি করছে কংগ্রেস। অন্যদিকে, কংগ্রেস মুখপাত্র পবন খেরা বিজেপির সমালোচনার জবাবে দাবি করেন যে 'ইদ' শব্দের আক্ষরিক অর্থ উৎসব বা আনন্দ, যা সম্প্রীতির বার্তাবাহক হিসেবেই ব্যবহার করা হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande