
ওয়াশিংটন, ১ ফেব্রুয়ারি (হি.স.): মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালতের নির্দেশে অভিবাসন হেফাজতে থাকা পাঁচ বছরের শিশু লিয়াম কোনেজো রামোস ও তার বাবা অ্যাড্রিয়ান রামোসকে মুক্তি দেওয়া হচ্ছে। টেক্সাসের ডিলি অবস্থিত সাউথ টেক্সাস ফ্যামিলি রেসিডেন্সিয়াল সেন্টারে দীর্ঘদিন ধরে তাঁদের আটক রাখা হয়েছিল।
আদালত এই আটককে অমানবিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে। বিচারক ফ্রেড বিয়ারি প্রশাসনের ব্যবহৃত ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট’ ব্যবস্থার কড়া সমালোচনা করে জানান, বিচারকের স্বাক্ষর ছাড়া জারি হওয়া এমন ওয়ারেন্ট সংবিধানসম্মত নয় এবং নাগরিক অধিকারের পরিপন্থী।
জানা গেছে, মিনিয়াপোলিসের তুষারাবৃত শহরতলি এলাকা থেকে ইমিগ্রেশন এজেন্টরা বাবা–ছেলেকে গ্রেফতার করে প্রায় ১,৩০০ মাইল দূরে টেক্সাসে নিয়ে যান। আদালত মঙ্গলবারের মধ্যে তাঁদের মুক্তি দেওয়ার নির্দেশ দেয়।
রায়ে আদালত আরও জানায়, নির্বাসন কোটা পূরণের চাপেই এই ধরনের বেআইনি আটক ও প্রশাসনিক তৎপরতা বাড়ছে। যদিও মুক্তি মিললেও ভবিষ্যতে বাবা–ছেলে ফের নির্বাসন প্রক্রিয়ার মুখোমুখি হতে পারে বলে আদালত উল্লেখ করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত অভিযানে শিশু ও পরিবারকে আটক রাখার ঘটনা ঘিরে মানবাধিকার সংগঠনগুলির উদ্বেগ ক্রমশ বাড়ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য