
কলকাতা, ১১ ফেব্রুয়ারি (হি. স.): দ্বিতীয় বিবাহ সংক্রান্ত মামলায় নাম জড়িয়ে পড়া টলিউড অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে বুধবার আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট।
আদালত সূত্রে জানা গিয়েছে, হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় তাঁর বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এরপরই গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন খড়্গপুর সদরের বিধায়ক। এদিন মামলার শুনানি শেষে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ হিরণের আগাম জামিন মঞ্জুর করেছে। তবে আদালত নির্দেশ দিয়েছে যে, তদন্তকারী আধিকারিকের সামনে প্রতি ১৫ দিন অন্তর হাজিরা দিতে হবে বিধায়ককে।
প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি ভাইরাল হওয়ার পরই বিতর্ক শুরু হয়। তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে, তাঁদের মধ্যে আইনত বিবাহবিচ্ছেদ হয়নি। এই পরিস্থিতিতে হিরণের দ্বিতীয় বিয়ে অবৈধ দাবি করে তিনি আনন্দপুর থানায় অভিযোগ জানান। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৪ ধারা (স্ত্রী জীবিত থাকাকালীন পুনরায় বিবাহ) এবং ৮৫ ধারার (গার্হস্থ্য হিংসা ও মানসিক হেনস্থা) অধীনে মামলা রুজু করে। চলতি বছরের জানুয়ারি মাসে বারাণসীতে মডেল ঋতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি প্রকাশ্যে আসে, যা নিয়ে রাজনৈতিক ও বিনোদন জগতে ব্যাপক চর্চা শুরু হয়।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে হিরণ চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করেন এবং খড়্গপুর সদর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। অন্যদিকে, অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি, এই বিবাহের ফলে তাঁদের পরিবার এবং বিশেষ করে তাঁদের মেয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হিরণ বর্তমানে বিধানসভা নির্বাচনের আগে দলীয় প্রচারে ব্যস্ত রয়েছেন। আদালতের এই রায়ের পর পুলিশ বা সংশ্লিষ্ট দুই পক্ষের থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি