
আগরতলা, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে মেগা লোক আদালত। আদালতে জমে থাকা মামলার চাপ কমানো এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতি বছর চারটি জাতীয় লোক আদালত আয়োজন করা হলেও অতিরিক্ত মামলার নিষ্পত্তির জন্য বিশেষভাবে মেগা লোক আদালতের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষ্যে রাজ্যের সব জেলা ও মহকুমা আদালতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
জানা গেছে, এবারের মেগা লোক আদালতে মোট ২৮টি বেঞ্চে ২৩ হাজার ৬৯৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মোটর ভেহিকেল (এমভি) অ্যাক্ট সংক্রান্ত ১৮ হাজার ৩৬৮টি মামলা, টিপি অ্যাক্টের ৪ হাজার ৫০৩টি, টিজি অ্যাক্টের ২০৭টি এবং এক্সাইজ অ্যাক্টের ৬২০টি মামলা রয়েছে।
রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানিয়েছেন, মেগা লোক আদালত উপলক্ষ্যে সংশ্লিষ্ট মামলার উভয় পক্ষকেই ইতিমধ্যে নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সব জেলা আইনসেবা কর্তৃপক্ষের দপ্তরে প্রাক্ লোক আদালত বসছে। সেখানে উপস্থিত হয়ে আগাম সমঝোতার ভিত্তিতে মামলার নিষ্পত্তির সুযোগ থাকছে।
তিনি দ্রুত এবং বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ