
।। রাজীব দে ।।
ঢাকা, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : 'বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করেছিলেন। আজ সেই প্রত্যাশা পূরণের দিন। দেশের মানুষ ভোট দিলে যে কোনও ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।' স্ত্ৰী, কন্যাদের সঙ্গে নিয়ে নিজের ভোট প্রদান করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বর্তালাপে বলেছেন ‘বাংলাদেশ ন্যাশনাল পার্টি’ (বিএনপি)-র চেয়ারম্যান তথা ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান। আশা প্রকাশ করে তারেক বলেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল নয়টা নাগাদ ভোট দেন বিএনপি-সুপ্রিমো তারেক রহমান। তার সঙ্গে ভোটদান করেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাশিয়া, ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
ভোটকেন্দ্ৰের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তারেক রহমান ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান দৃঢ়তার সঙ্গে বলেন, তিনি এবং তাঁর দল জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
সারা দেশ থেকে গত রাতে প্ৰাপ্ত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে সে সব পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, যা আমার কাছে আশাব্যঞ্জক বলে মনে হয়েছে।
ভোটার ও দলীয় নেতাকর্মীদের ভোটদানের শেষ সময় পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মানুষ যদি সারাদিন ভোটকেন্দ্রে এসে তাঁদের অধিকার প্রয়োগ করেন, তা-হলে ইনশাআল্লাহ যে কোনও ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে।
নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান। তাঁর কথায়, সাধারণ মানুষ যাতে দেশে নিরাপদ বোধ করেন, সেটিই হবে আমাদের প্রধান লক্ষ্য।
নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাঁদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনি ইশতেহার অনুযায়ী নারীর যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়নের কাজ প্রথম দিন থেকেই শুরু করা হবে।
ভোটের পরিবেশ কেমন দেখছেন বা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনই মন্তব্য করা সমীচীন হবে না। আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর হয়তো বলতে পারব।
এ সময়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও স্থিতিশীল আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস