
ঝাড়গ্রাম, ১২ ফেব্রুয়ারি (হি.স.): বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় তাদের সাফল্য কামনা করে গোপীবল্লভপুর দুই ব্লকের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এগিয়ে আসে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন। এদিন রান্টুয়া হাই স্কুলে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে কলম ও জলের বোতল উপহার দেওয়া হয়। অন্যদিকে, তপশিয়া বিদ্যাসাগর শিক্ষায়াতন এবং পেটবিন্ধি ডি.কে.এম হাইস্কুলে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পরীক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি স্বপন পাত্র, গোপীবল্লভপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি শর্বরী অধিকারী, ব্লক যুব তৃণমূলের সভাপতি অনুপম মল্লিক, ব্লক ছাত্র পরিষদের সভাপতি অভিষেক দাস সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, এবার ঝাড়গ্রাম জেলায় ২৭টি পরীক্ষাকেন্দ্রে মোট প্রায় ৮,৭৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। যার মধ্যে ছাত্র ৪,১৫২ জন এবং ছাত্রী ৪,৬২৬ জন। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে গোটা জেলাজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। এছাড়াও বিভিন্ন থানার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিভিক ভলান্টিয়ার মোতায়েনের পাশাপাশি একাধিক পেট্রোলিং গাড়ি রাখা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য হেল্পডেস্ক ও জরুরি ফোন নম্বরও চালু করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন স্কুলের সামনে পরীক্ষার্থীদের জল, পেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো