
ঝাড়গ্রাম, ১২ ফেব্রুয়ারি (হি.স.): শিব চতুর্দশী উপলক্ষে নয়াগ্রাম ব্লকের ঐতিহ্যবাহী রামেশ্বর মন্দির ও রামেশ্বর শিব চতুর্দশী মেলা এবং লোকসংস্কৃতি উৎসবের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার মানব সিংলা। বৃহস্পতিবার দুপুরে তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন।
পুলিশ সুপারের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সৈয়দ মোহাম্মদ মামদুল্লা হাসান, গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফারাজ, নয়াগ্রাম থানার আইসি সুজয় লায়েক সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি রামেশ্বর মেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার ঘোষ, সম্পাদক পিনাকী চক্রবর্তী, সমাজসেবী রমেশ রাউৎ সহ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
মন্দির চত্বর ও মেলা প্রাঙ্গণ ঘুরে দেখে পুলিশ সুপার ভক্তদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থা, মেলার দোকানপাটের সুষ্ঠু বিন্যাস এবং নজরদারি সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করেন। মেলার সুষ্ঠু পরিচালনা এবং আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশ দেন তিনি।
উল্লেখ্য, সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত রামেশ্বর মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর শিব চতুর্দশী ও শিবরাত্রি উপলক্ষে চার দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়। শিবরাত্রির ব্রত পালনের উদ্দেশ্যে আশপাশের গ্রাম ছাড়াও ওড়িশা, ঝাড়খণ্ড সহ বিভিন্ন জেলা ও রাজ্য থেকে বিপুল সংখ্যক ভক্ত সমাগম ঘটে। মেলা চলাকালীন দিন-রাত মন্দির চত্বর ও সংলগ্ন এলাকা ভক্তদের ভিড়ে মুখরিত থাকে। আসন্ন মেলাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে বিষয়ে প্রশাসনের তরফে বিশেষ নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো