হাইলাকান্দিতে প্রায় পাঁচ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার মহিলা সহ দুই
হাইলাকান্দি (অসম), ২৩ ফেব্রুয়ারি (হি.স.)। অসমে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হাইলাকান্দি পুলিশ সোমবার প্রায় পাঁচ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। এর সঙ্গে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে প
হাইলাকান্দিতে প্রায় পাঁচ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার মহিলা সহ দুই


হাইলাকান্দি (অসম), ২৩ ফেব্রুয়ারি (হি.স.)। অসমে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হাইলাকান্দি পুলিশ সোমবার প্রায় পাঁচ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। এর সঙ্গে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

নির্দিষ্ট গোপন সূত্রের ভিত্তিতে হাইলাকান্দি জেলার বাউয়ারঘাট প্রথম খণ্ড গ্রামে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। পরিচালিত অভিযানে এমজেড ০১ আর ৬৪৩৪ নম্বরের একটি মাহিন্দ্রা টিইউভি গাড়ির গতিরোধ করে পুলিশ।

গাড়িতে তন্ন তন্ন করে তালাশি চালিয়ে পুলিশ বিশেষভাবে কৌশলে তৈরি গোপন চেম্বারে লুকিয়ে রাখা ১২টি প্যাকেট থেকে মোট এক লক্ষ ২১ হাজারটি নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

পুলিশ সূত্রের খবর, বাজেয়াপ্তকৃত মাদক ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। চলতি বছরে এটি পুলিশের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

মাদক ট্যাবলেট পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থলে এক মহিলা সহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতদের নাম মিস মার্সি পিল্লাই এবং থংজাগিন হাওকিপ। পুলিশি জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে দুজনের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া মাদক চালানের উৎস এবং নির্ধারিত গন্তব্য সম্পর্কে জানতে দুজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চালানটি কোনো বৃহত্তর আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande