
শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): শিলিগুড়ির সেবক রোডে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনায় এক জনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম দেবাংশু পাল চৌধুরী। শহরের এক পেট্রল পাম্পের মালিক ও উত্তরবঙ্গের পেট্রল পাম্প মালিকদের সংগঠনের কর্মকর্তার ছেলে তিনি। সোমবার সকালে সেবক রোড থেকে তাঁর গাড়িটি উদ্ধার করে পুলিশ। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।
গত ১৯ ফেব্রুয়ারি রাতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় শঙ্কর ছেত্রী নামে এক যুবকের মৃত্যু হয়। গুরুতর জখম হন আরেক যুবতী। অভিযোগ, গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পরে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। বিভিন্ন রাস্তার নজর ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে গাড়ির খোঁজ চালায় পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ