
বিহারশরিফ, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : বিহারের নালন্দা জেলার বিভিন্ন থানা এলাকায় সোমবার পৃথক ঘটনায় মোট আটজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে রুই থানা এলাকার মই-ফরিদা গ্রামে, সোমবার সকালে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শ্বশুরবাড়ির পক্ষ থেকে একে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার নাম আরতি কুমারী (২২)। দ্বিতীয় ঘটনায় দিপনগর থানা এলাকার সকরৌল গ্রামে সোমবার দুপুরে গাড়িতে পিষ্ট হয়ে আশা দেবী (৬২) নামে এক মহিলার মৃত্যু হয়। একইভাবে রাজগির থানা এলাকার রামহরি পিণ্ড গ্রামে অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় রামশিস কুমার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
অন্য একটি ঘটনায় সোহসরাই থানা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত এক যুবকের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে। নিহতের নাম সুরেন্দ্র সাউ (৩০)। এছাড়া ছবিলাপুর থানার লোদপুর গ্রামে পারিবারিক বিবাদের জেরে মনোজ কুমার (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। চণ্ডী থানা এলাকার চণ্ডীডিহ গ্রামে অনিল লাল (৫০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের ধারণা, খাট থেকে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে, তবে সঠিক কারণ জানতে পুলিশ মৃতদেহের ময়নাতদন্ত করাচ্ছে।
অন্যদিকে, কতরীসরাই থানা এলাকার তরণী-দরবেশপুরা সড়কে সোমবার ট্রাক্টর পেছানোর সময় সেটি নালায় পড়ে যায় এবং ইঞ্জিনের তলায় চাপা পড়ে সত্যেন্দ্র সিং (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়। চণ্ডী থানা এলাকার খরজমা গ্রামের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে কুমারী সৌম্য (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে চণ্ডী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি