ধর্মনগরে পারিবারিক বিবাদে শ্যালকের ছুরিতে জখম জামাই
ধর্মনগর (ত্রিপুরা), ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : পারিবারিক বিবাদ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল ধর্মনগরে। সরকারি জায়গায় শ্বশুরবাড়িতে বসবাসকে কেন্দ্র করে দুই পক্ষের ঝামেলায় শ্যালকের ছুরিকাঘাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। আহত মনোজ সাহানি বর্তমানে ধর্মনগর জেলা
ছুরিকাহত এক ব্যক্তি


ধর্মনগর (ত্রিপুরা), ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : পারিবারিক বিবাদ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল ধর্মনগরে। সরকারি জায়গায় শ্বশুরবাড়িতে বসবাসকে কেন্দ্র করে দুই পক্ষের ঝামেলায় শ্যালকের ছুরিকাঘাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। আহত মনোজ সাহানি বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাত প্রায় দেড়টা নাগাদ ধর্মনগর শিববাড়ি রোড এলাকায় পূর্ত দপ্তরের সরকারি জায়গায় বসবাসকে কেন্দ্র করে মনোজ সাহানি ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে বচসা শুরু হয়। কথাকাটাকাটি ক্রমে উত্তেজনা চরমে পৌঁছালে অভিযুক্ত শ্যালক মিঠুন বাসপা ধারালো অস্ত্র দিয়ে মনোজ সাহানিকে আঘাত করে বলে অভিযোগ।

গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহতের স্ত্রী জানিয়েছেন, পারিবারিক বিষয় এবং বসবাসের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। রবিবার রাতে সেই বিরোধ হঠাৎ করেই মারাত্মক আকার ধারণ করে।

ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শ্যালক মিঠুন বাসপাকে আটক করে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রেক্ষিতে একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande