হাওড়া-হুগলিতে সরকারি ব্যর্থতার অভিযোগে বিজেপির ‘চার্জশিট’ পেশ
হুগলি, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : হাওড়া ও হুগলির অন্তর্গত ভারতীয় জনতা পার্টির পাঁচটি সাংগঠনিক জেলা—হাওড়া গ্রামীণ, হাওড়া শহর, হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগের পক্ষ থেকে বর্তমান রাজ্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে একটি বিস্তারিত ‘চার্জশিট’ পেশ করা হয়েছে। স
বিজেপির চার্জশিট পেশ


হুগলি, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : হাওড়া ও হুগলির অন্তর্গত ভারতীয় জনতা পার্টির পাঁচটি সাংগঠনিক জেলা—হাওড়া গ্রামীণ, হাওড়া শহর, হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগের পক্ষ থেকে বর্তমান রাজ্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে একটি বিস্তারিত ‘চার্জশিট’ পেশ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শ্রীরামপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই চার্জশিটটি জনসমক্ষে আনা হয়।

এদিন এই কর্মসূচিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষ, সহ-সভাপতি রাজেশ সিং সহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজেপির দাবি, এই চার্জশিটটি কেবল লিখিত অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ছবি এবং ভিজ্যুয়াল ডকুমেন্টের মাধ্যমে দুর্নীতি, হিংসা ও প্রশাসনিক ব্যর্থতার নানা দিক তুলে ধরা হয়েছে।

বিজেপির পেশ করা চার পাতার এই চার্জশিটে বিভিন্ন ঘটনাস্থল, বিক্ষোভ কর্মসূচি এবং অভিযোগের সপক্ষে নানা ছবি সংযুক্ত করা হয়েছে। দলের নেতাদের দাবি, এই ছবিগুলোই বাস্তব পরিস্থিতিকে স্পষ্ট করে দিচ্ছে। চার্জশিটের প্রথম অংশে জল, রাস্তা, আবাস যোজনা এবং পঞ্চায়েত স্তরের সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অসম্পূর্ণ নির্মাণ কাজ ও নিম্নমানের রাস্তার ছবি দেখিয়ে দাবি করা হয়েছে যে, সরকারি অর্থ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বদলে কিছু নির্দিষ্ট মানুষের পকেটে গিয়েছে। এছাড়া চার্জশিটের একটি বড় অংশে রাজনৈতিক হিংসা এবং ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ করা হয়েছে। নির্বাচন ও স্থানীয় বিবাদের সময় বিরোধীদের ওপর হামলার ঘটনার ছবি যুক্ত করে বিজেপি দাবি করেছে যে, এই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নাতীতভাবে বিতর্কিত।

মহিলাদের নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের মৌলিক সুযোগ-সুবিধার অভাবের বিষয়টিও ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। বিজেপি নেতাদের অভিযোগ, বহু ক্ষেত্রে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি কিংবা আক্রান্ত পরিবারগুলোকে সুরক্ষা প্রদান করতে ব্যর্থ হয়েছে। চার্জশিটের শেষে সরাসরি রাজনৈতিক বার্তা দিয়ে বিজেপি দাবি করেছে যে, রাজ্যে বর্তমানে পরিবর্তনের একান্ত প্রয়োজন। দুর্নীতি, হিংসা এবং দুঃশাসন যে চরম সীমায় পৌঁছেছে, তার জবাব সাধারণ মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে দেবে বলেই বিজেপি মনে করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও এর আগেও তারা বিজেপির এই জাতীয় অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande