
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি (হি. স.):- মালদা থেকে জঙ্গি গ্রেফতারের ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার মধ্য হাওড়ায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এ রাজ্যে জঙ্গি কার্যকলাপের খবর আসায় বাঙালি হিসেবে লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের রাজনীতি করছেন, তা আসলে আরএসএসের প্রভাবেই পরিচালিত। সেলিমের দাবি, এই রাজনীতির ফলেই বাংলার মাটি বর্তমানে জঙ্গি বা সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। তাঁর মতে, আগে এ রাজ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষ থাকলেও সন্ত্রাসবাদ বা সাম্প্রদায়িকতার এমন ভয়াবহ প্রবণতা ছিল না।
মহম্মদ সেলিম এদিন আরও দাবি করেন যে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস আসলে দুটি রাজনৈতিক দল তৈরি করেছে—একটি বিজেপি এবং অন্যটি তৃণমূল কংগ্রেস। তাঁর বক্তব্য অনুযায়ী, বাইরে এই দুই দলের মধ্যে দ্বন্দ্বের ছবি দেখা গেলেও নেপথ্যে ধর্মভিত্তিক মেরুকরণের রাজনীতি চলছে, যার ফলে সমাজে ধর্মীয় উন্মাদনা বাড়ছে। তিনি অভিযোগ করেন, রাজ্যে কর্মসংস্থান বা উন্নয়নের রাজনীতি না হওয়ায় বেকার যুবকদের একাংশ বিপথগামী হয়ে এই ধরনের নাশকতামূলক কাজের দিকে আকৃষ্ট হচ্ছে। এর ফলে কেবল পশ্চিমবঙ্গ নয়, বরং গোটা উপমহাদেশ জুড়েই রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতা বাড়ছে বলে মনে করেন এই সিপিএম নেতা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়