
হাইলাকান্দি (অসম), ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : হাইলাকান্দি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম, ভিভিপিএটি (ভিভিপ্যাট) সচেতনতা অভিযান জোরদার করা হয়েছে।
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই অভিযান গত ৫ ফেব্রুয়ারি থেকে জেলায় শুরু হয়েছে। জেলার মোট ৪৮৬টি স্থানে সচেতনতার জন্য ইভিএম-ভিভিপ্যাট প্রদর্শনী করা হবে। এর মধ্যে ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ১৯৯টি স্থানে এবং ১২২ নম্বর কাটলিছড়া-আলগাপুর বিধানসভা কেন্দ্রের ২৮৭টি স্থান রয়েছে।
অভিযানের অংশ হিসেবে ইভিএম ডেমোনস্ট্রেশন সেন্টার (ইডিসি) এবং মোবাইল ডেমোনস্ট্রেশন ভ্যান (এমডিভি) ব্যবহার করে জনসাধারণের মধ্যে ইভিএম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালানো চলছে। মোবাইল ডেমোনস্ট্রেশন ভ্যানগুলো মেলা, বাজার এবং অন্যান্য জনসমাবেশে যাচ্ছে। ইভিএম ডেমোনস্ট্রেশন সেন্টার হাইলাকান্দি রেভিনিউ সার্কল অফিস প্রাঙ্গণের সামনে স্থাপন করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে জনগণের মধ্যে ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে, যাতে নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ হয়। রাজনৈতিক দলগুলোকেও এই প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
এই অভিযানে প্রতিদিন ডেমন্সস্ট্রেশন শেষে ইভিএম এবং ভিভিপ্যাটগুলি জেলা কমিশনারের অফিস ক্যাম্পাসের ইভিএম/ভিভিপিএট ওয়ারহাউসে সংরক্ষণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস