
বাঁকুড়া, ২৩ ফেব্রুয়ারি ( হি. স.) : উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় এক পরীক্ষার্থীর অকাল মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া জেলার জয়পুর এলাকা। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা জয়পুর-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়ক ও জয়পুর হাসপাতালের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ক্ষিপ্ত জনতার বিক্ষোভে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি রণক্ষেত্রের আকার ধারণ করে। দীর্ঘক্ষণ অবরোধ চলায় যানচলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। পরে স্থানীয় পুলিশের হস্তক্ষেপে এবং আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্রমপুর গ্রাম থেকে বাইকে করে জয়পুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছিলেন ১৮ বছর বয়সী পরীক্ষার্থী জুয়েল শেখ। পথে প্রসাদপুর স্কুল সংলগ্ন চৌমাথা মোড়ে একটি ইলেকট্রিকের পোল বহনকারী ইঞ্জিন ভ্যানের সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর। ঘটনার খবর চর্তুদিকে ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী গ্রামগুলি থেকেও মানুষ জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং প্রশাসনিক নজরদারির দাবি তুলেছেন স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট