
বক্সনগর (ত্রিপুরা), ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : সিপাহীজলা জেলার বক্সনগর আরডি ব্লকের অধীন এডিসি ভিলেজ ধনীরামপুর পাঁচনালিয়ায় দীর্ঘদিন ধরে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। সোমবার সকাল ১০টা নাগাদ উপজাতি মহিলা, পুরুষ ও শিশুরা সোনামুড়া–বক্সনগর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।
অবরোধকারীদের অভিযোগ, প্রতি ঘরে পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যায়নি। প্রায় দুই সপ্তাহ ধরে এলাকায় চরম জলসংকটের পাশাপাশি বিদ্যুৎ সমস্যাও তীব্র আকার ধারণ করেছে। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে বলে জানান গ্রামবাসীরা।
রাস্তা অবরোধের জেরে বাতাদোলা ইটভাট্টা সংলগ্ন এলাকায় দু’দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিত্যযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া ও কর্মস্থলে যাওয়া মানুষজন চরম ভোগান্তির শিকার হন। প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা অবরোধ চলায় শিক্ষকরা নির্ধারিত সময়ে বিদ্যালয়ে পৌঁছাতে না পারায় পরীক্ষাও ব্যাহত হয়।
খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। পরে সংশ্লিষ্ট কতৃপক্ষের তরফ থেকে দ্রুত পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা চালুর আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। প্রশাসন জানিয়েছে, আগামী দুই তিনদিনের মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ