
শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : প্রায় ১৩ মাস বাদে বাংলাদেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানালো শিলিগুড়ির হোটেল মালিকদের সংগঠন৷
শেখ হাসিনার সরকার পতনের পরবর্তী সময়ে বাংলাদেশে ক্রমশ ভারত বিরোধিতা বাড়ে৷ সেই কারণে আর্থিক ক্ষতি স্বীকার করে নিয়েও হোটেলের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল শিলিগুড়িতে৷
সোমবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন৷ সেখানে সংগঠনের সদস্যরা জানান, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার তৈরি হওয়ার পর পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে৷ বাংলাদেশের তরফেও ভারতের প্রতি ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে৷ সেই কারণেই বাংলাদেশের নাগরিকদের শিলিগুড়ির হোটেলে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
হোটেল মালিকদের সংগঠনের তরফে দার্জিলিংয়ের জেলাশাসকের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে৷ সেই চিঠিতে বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা তারা জানিয়েছে৷ তবে সাংবাদিক বৈঠকে হোটেল মালিক সংগঠনদের তরফে জানানো হয়েছে, বাংলাদেশে ফের ভারত বিদ্বেষ বৃদ্ধি পেলে আবার নিষেধাজ্ঞার পথে হাঁটবে তারা৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত