
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : পূর্ব কলকাতার জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙতে রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। এবার কেন্দ্রীয় সরকারকে মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
সোমবার পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ একটি রিপোর্ট জমা দেয়। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকও একটি রিপোর্ট জমা দেন। তা দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করেন বিচারপতি সিনহা। তাঁর সাফ বক্তব্য, রাজ্য যদি না-পারে আমি কেন্দ্রের সহযোগিতা চাইব। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ করতে হবে।
বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য এবং পুরনিগম পদক্ষেপ করছে না বলে উল্লেখ করেন বিচারপতি। সোমবার মামলার শুনানির শুরুতেই তিনি বলেন, পূর্ব কলকাতা জলাভূমিতে বেআইনি নির্মাণ বন্ধ করতে কী পদক্ষেপ করা হয়েছে তার বাইরে আদালত কিছু জানতে চায় না। প্রতিদিন রিপোর্ট খালি জমা হচ্ছে। আমি রিপোর্ট দেখতে চাই না। কী পদক্ষেপ করা হয়েছে সেটা জানতে চাই।
পার্থ ভৌমিক নামে একজন বেআইনি নির্মাণ ভাঙতে বাধা দিচ্ছে৷ এই অভিযোগ করে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের তরফে আইনজীবী সোনাল সিনহা বলেন, চৌবাগা-সহ বেশ কয়েকটি জায়গায় বেআইনি নির্মাণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে যেখানে পুর কর্তৃপক্ষ উপস্থিত ছিল না। বড় আকারে আন্দোলন করছে লোকাল জনতা। একাধিকবার জেলাশাসককে বলা হয়েছে।”
এই ব্যাপারে কোনও পদক্ষেপ না করায় রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় চরম ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট। এক্ষেত্রে আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, রাজ্য না পারলে কেন্দ্রের সাহায্য চাওয়া হবে। এমনকী বেআইনি নির্মাণ ভাঙতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হবে বলেও মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। এরপরেই এই মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ হাই কোর্টের।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত