
আগরতলা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সোমবার রাজধানী আগরতলায় দুই ঘণ্টার গণ-অবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা কমিউনিটি হেলথ গাইড কর্মী সমিতি। সার্কিট হাউস সংলগ্ন এলাকয় অনুষ্ঠিত এই বিক্ষোভে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাঁটাই হওয়া কর্মীরা অংশ নেন।
সমিতির দাবি, ১৯৮১, ১৯৮২ ও ১৯৮৩ সালে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে ত্রিপুরায় কমিউনিটি হেলথ গাইড কর্মী নিয়োগ করা হয়। সে সময় তাঁদের মাসিক সম্মানিক ভাতা ছিল মাত্র ৫০ টাকা। প্রত্যন্ত গ্রাম ও পাহাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রের নির্দেশিকা মেনে প্রাথমিক স্বাস্থ্য পিরষেবা পৌঁছে দেওয়াই ছিল তাঁদের দায়িত্ব। নিয়োগপত্রে জীবিত থাকা পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগের উল্লেখ ছিল বলেও কর্মীদের দাবি।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে স্বাস্থ্য পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত থাকার পর ২০২৫ সালের ১ নভেম্বর থেকে রহস্যজনকভাবে তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বৃদ্ধ বয়সে কর্মহীন হয়ে পড়ায় চরম আর্থিক ও মানসিক সংকটে দিন কাটছে বলে জানান আন্দোলনকারীরা। ইতিমধ্যেই তাঁরা বিভিন্ন দফতর ও মন্ত্রীর কাছে পুনর্বহালের আবেদন করেছেন।
এদিন সমিতির এক সদস্য জানান, “চাকরি ফিরে পাওয়ার দাবিতেই আমরা শান্তিপূর্ণভাবে গণ-অবস্থান করছি। সরকার আমাদের মানবিক দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করুক।”
বিক্ষোভে উপস্থিত অনেকেই নিজের দুরবস্থার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। দ্রুত পুনর্বহাল না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ