
উত্তর দিনাজপুর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লোচুগছ এলাকায় এক প্রৌঢ়ার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে নিজের ঘর থেকেই ওই মহিলার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। আলমারি ও ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড থাকায় এটি নিছক মৃত্যু নাকি পরিকল্পিত খুন, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। মৃত মহিলার নাম জীবন্তি ওড়াও (৪২)। তিনি লোচুগছ এলাকার শ্রমিক মহল্লার বাসিন্দা ছিলেন। প্রতিবেশীরা জানিয়েছেন, জীবন্তি দেবীর দুই ছেলে কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়িতে তিনি একাই থাকতেন। সোমবার সকালে দীর্ঘক্ষণ তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাঁকে ডাকতে যান। ঘরে ঢুকে তাঁরা দেখেন, বিছানায় তাঁর দেহ পড়ে রয়েছে
। স্থানীয়দের প্রাথমিক অনুমান, বাড়িতে লুটপাটের উদ্দেশ্যে কেউ ঢুকেছিল এবং হয়তো বাধা দিতে গিয়েই প্রাণ হারিয়েছেন ওই মহিলা। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ