
কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি. স.): বুধবার ৪৪ দিনে পড়ল আশা ও পৌর স্বাস্থ্যকর্মীদের লাগাতার কর্মবিরতি। আপাতত রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনকারী কর্মীরা। উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ১৫ হাজার টাকা নির্ধারণ এবং ইনসেনটিভসহ সমস্ত বকেয়া অবিলম্বে মেটানোর দাবিতে গত ২৩ ডিসেম্বর থেকে এই কর্মসূচি চলছে। এর ফলে গ্রাম ও শহরের সরকারি স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সর্বস্তরের অভিযোগ।আন্দোলনকারী সংগঠনের দাবি, একাধিকবার রাজ্য সরকার ও স্বাস্থ্য দফতরের কাছে তাঁদের দাবিগুলি পেশ করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠকে বেতন ছাড়া অন্যান্য দাবিতে সহানুভূতিশীল মনোভাব দেখানো হলেও, বেতন সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট কোনো আলোচনা হয়নি বলে সংগঠনের অভিযোগ। আধিকারিকদের বক্তব্য ছিল, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রিসভার। এর পরিপ্রেক্ষিতেই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরালা সরকার যখন আশা কর্মীদের ফিক্সড অনারিয়াম বাড়িয়ে মাসে ৯ হাজার টাকা করেছে, তখন পশ্চিমবঙ্গে এখনও তা ৫,২৫০ টাকায় আটকে আছে।এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিধানসভায় পেশ হতে চলেছে আগামী অর্থবর্ষের রাজ্য বাজেট। সেদিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, বাজেটে সাম্মানিক বৃদ্ধির ঘোষণা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত