
নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি. স. ) : পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজে মাইক্রো অবর্জাভার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ও অভিযোগের প্রতিবাদ করলেন নির্বাচন কমিশনের আইনজীবী।
এসআইআরে শুধু মাত্র পশ্চিমবঙ্গতেই নিয়োগ করা হয়েছে মাইক্রো অবর্জাভার। এই নিয়ে প্রশ্ন তুলে বারবার বাংলা থেকে মাইক্রো অবজার্ভার প্রত্যাহারের দাবি জানায় তৃণমূল। এদিন সুপ্রিম কোর্টে নিজের দায়ের করা মামলায় সওয়াল করে মাইক্রো অবর্জাভার প্রত্যাহারের আর্জি জানান মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, “বিজেপির লোকজনকে মাইক্রো অবজার্ভার করে পাঠাচ্ছে। তারা নাম সরিয়ে দিচ্ছে। নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে কেন পশ্চিমবঙ্গে মাইক্রো অবর্জাভার নিয়োগ করা হয়েছে, তা স্পষ্ট করেন কমিশনের আইনজীবী। তিনি বলেন, “এসডিএম পদমর্যাদার অফিসার চেয়েও পাইনি, তাই মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে হয়েছে। আমরা আইন মেনে পর্যবেক্ষক নিয়োগ করেছি।” অভিযোগ উড়িয়ে পালটা মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের যা সংখ্যা সেই হিসেবেই এসডিএম দিয়েছি।”
দু’পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন, “রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই। কোনও বৈধ ভোটার বাদ যাক আমরা চাই না।”
প্রধান বিচারপতির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “গণতন্ত্রকে রক্ষা করুন।” মুখ্যমন্ত্রীর মামলায় নোটিস জারি করে সুপ্রিম কোর্ট। তার পরেই মমতা বলেন, “আমি খুবই ধন্য হয়েছি। মানুষের অধিকার রক্ষা করুন।” শুনানি শেষ হওয়ার পর এজলাস উঠে যায়। আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত