
কলকাতা, ৯ ফেব্রুয়ারি (হি. স.): বিশিষ্ট ও বর্ষীয়ান সাংবাদিক নিরঞ্জন হালদার প্রয়াত। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরণোত্তর দেহদান আগেই করেছিলেন তিনি। সেই অনুযায়ী, তাঁর দেহ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দান করা হবে।
মানবাধিকার আন্দোলনের এই বিশিষ্ট ব্যক্তিত্ব ‘এপিডিআর’ ও পরিবেশ আন্দোলনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আনন্দবাজার পত্রিকায় সহ-সম্পাদক পদে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। নিরঞ্জন হালদারের জন্ম অবিভক্ত বাংলার (বর্তমানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ) খুলনা জেলায়। পরবর্তীতে তিনি ভারতে আসেন এবং কলকাতা শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
উল্লেখ্য, ছাত্রাবস্থা থেকেই তাঁকে প্রতিটি নাগরিক আন্দোলনে সক্রিয় থাকতে দেখা যেত। পরনে পাজামা-পাঞ্জাবি, জহরকোট ও কাঁধে ঝোলা ব্যাগ ছিল তাঁর চিরচেনা পরিচিতি। নাগরিক আন্দোলনের বিভিন্ন দাবিদাওয়া বা নথিপত্র প্রতিটি সংবাদপত্রের অফিসে গিয়ে নিজে হাতে জমা দিয়ে আসতেন তিনি। তাঁর প্রয়াণে সাংবাদিক মহলে এবং নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে এক বড় শূন্যতার সৃষ্টি হলো।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত