
আগরতলা, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : সোমবার থেকে এনআইটি আগরতলার বিশ্বেশ্বরাইয়া অডিটোরিয়ামে শুরু হল পাঁচদিনব্যাপী ‘বিরাসত-৩.০’। স্পিক ম্যাকে-এর উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রায় পাঁচ দশক ধরে স্পিক ম্যাকে নীরব বিপ্লবের মতো কাজ করে চলেছে এবং তরুণ অনুসন্ধিৎসু মন ও ভারতীয় শাস্ত্রীয় শিল্পকলার গভীর আত্মিক ভাণ্ডারের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর মতে, ‘বিরাসত’ কেবল বিনোদন নয়, এটি আত্মার সর্বোচ্চ স্তরের শিক্ষা ও সংস্কারের প্রতিষ্ঠা। ২০৫০ সালের মধ্যে প্রতিটি শিক্ষার্থীর কাছে ভারতীয় শাস্ত্রীয় শিল্পকলাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংগঠনের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, স্পিক ম্যাকে-র ত্রিপুরা অধ্যায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদ্মশ্রী উস্তাদ শহীদ পারভেজ খান। স্বাগত ভাষণ দেন এনআইটির ডিরেক্টর প্রফেসর (ডঃ) শরৎ কুমার পাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানের পর উস্তাদ শহীদ পারভেজ খানের সেতার পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচদিনের এই উৎসবে আরও কয়েকজন বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী তাঁদের পরিবেশনা উপস্থাপন করবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ